
পুরান ঢাকার চকবাজারের ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, চকবাজারের ছোট কাটারায় শামসুল হক টাওয়ারের বিপরীতে ভবনটির অবস্থান। ভবনের চতুর্থ তলায় থাকা প্লাস্টিকের গুদামে আগুনের সূত্রপাত হয়।
রাত সাড়ে ৯টার দিকে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার প্রথম আলোকে বলেন, কর্মীরা প্লাস্টিকের গুদামঘরটি বন্ধ করে চলে যান। তাই এখানে হতাহতের কোনো আশঙ্কা নেই। তবে প্রচণ্ড ধোঁয়া ছড়াচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
পরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানানো হয়।