
টিকিট না পেয়ে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ট্রেন আটকে দেওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকালে কমলাপুর থেকে ছেড়ে বিমানবন্দর রেলস্টেশনে আসা নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন শিক্ষার্থীরা। এতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছে রেলওয়ে থানা-পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক প্রথম আলোকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ওই শিক্ষার্থীরা টিকিট কাটতে এসেছিলেন। টিকিট না পেয়ে তাঁরা বিমানবন্দর স্টেশনে বিক্ষোভ করেন এবং ট্রেনটি আটকে দেন। পরে পুলিশ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
মাজহারুল আরও বলেন, শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষার আগে তাঁদের ট্রেনে করে রাজশাহীতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। এ আশ্বাস পেয়ে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা চলে যান। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, ভাঙচুরের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে যান।
নীলফামারীগামী ওই নীল সাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার। নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করে শিক্ষার্থীরা ট্রেন থামিয়ে দিয়ে আন্দোলন শুরু করেন। এ সময় আমরা ট্রেনের ভেতরেই ছিলাম। তাঁরা চলে যাওয়ার পর ট্রেন ছাড়ে।’
তিনি আরও বলেন, ঘটনার সময় শুধু ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন আটকা পড়েছিল। তবে বাইরে থেকে ঢাকায় আসা ট্রেন স্বাভাবিকভাবেই চলাচল করেছে।