
ভোর থেকে বৃষ্টি থাকায় ঈদের নামাজ আদায় ও কোরবানি দিতে অনেককেই ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে আকাশ মেঘলা থাকলেও বিকেলের দিকে বৃষ্টি থেমে যায়। এতে পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে বের হওয়ার সুযোগ পান রাজধানীবাসী। সন্ধ্যা হতে হতে মানুষের চাপ কিছুটা বাড়লেও উপচে পড়া ভিড় দেখা যায়নি। ঈদের দিনে মনোরম পরিবেশে সময় কাটাতে পেরে ভালো লাগার কথা জানান দর্শনার্থীরা।
রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিকেলে বকুলগাছগুলোর নিচে সারি সারি বকুল পড়ে ছিল। বৃষ্টিতে ধুয়েমুছে পরিষ্কার হয়ে গেছে বসার বেদিগুলো। সেখানে কথা হয় উত্তরা থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুরতে আসা ব্যবসায়ী মো. জাহিদুল ইমামের সঙ্গে। তিনি বলেন, আমাদের পরিকল্পনা ছিল সকালে বের হওয়ার। কিন্তু বৃষ্টি থাকায় বের হতে পারিনি। দুপুর গড়াতে শুরু করলে বৃষ্টি কমে। টঙ্গী, বিমানবন্দর, হাতিরঝিল এলাকা ঘুরে সংসদ ভবন এলাকায় এলাম।’
জাহিদুল ইমাম বলেন, যানজট, গরম নেই। বাতাস পরিচ্ছন্ন। সব মিলিয়ে ঘোরার মতো একটা পরিবেশ। তাঁদের ১০ বছর বয়সী মেয়ে ফাতেমা তুজ জেহরা বলে, ‘ঘুরতে পারছি। এতেই আমার ভালো লাগছে।’
ঈদের দিন বিকেলে জনসমাগম হতে পারে ভেবে সংসদ ভবন এলাকায় চুড়ি, মালা, বেলুন, নানা ধরনের খেলনা, আইসক্রিম, ঝালমুড়িসহ বিভিন্ন ধরনের দোকানপাটও বসেছে।
মো. আরিফ পুতুল ও রিংয়ের দোকান দিয়েছেন। তিনি বলেন, ‘একটু বৃষ্টি পড়লেই আমার রিংয়ে জং ধরে যায়। তাই বৃষ্টি থামার পর কিছুক্ষণ অপেক্ষা করেছি। যখন দেখলাম আর আসছে না, তখন দোকান নিয়ে এলাম, এ জন্য একটু দেরি করে পাঁচটার দিকে এলাম।’
সদ্য ১৮ পেরোনো আরিফ বলেন, ঈদের সময় একটু বিক্রি ভালো হয়। তাই ঈদের পর গ্রামে যাবেন। আরিফের দোকান থেকে মেয়েকে দেড় শ টাকা দিয়ে একটি পুতুল কিনে দেন মিরপুর-১০ নম্বর এলাকার বাসিন্দা মো. ইমতিয়াজ উদ্দিন। তিনি বলেন, ‘দিনের প্রথম ভাগে কোরবানি নিয়ে ব্যস্ত ছিলাম। বিকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুরতে বের হলাম।’
বিকেলের মনোরম পরিবেশে সংসদ ভবনের সামনে অনেকেই নানা ভঙ্গিমায় ছবি ও সেলফি তুলছিলেন। মোহাম্মদপুর এলাকা থেকে আসা দুই বন্ধু মো. আশিক ও মো. আরমানও ছবি তোলায় ব্যস্ত ছিলেন। মোহাম্মদপুরের একটি হোটেলে তাঁরা কাজ করেন। গত ঈদে গ্রামের বাড়িতে গেলেও কোরবানির ঈদ ঢাকায় করছেন তাঁরা। আশিক বলেন, ‘বৃষ্টিও থেমে গেছে। তাই এখানে ঘুরতে এলাম। বৃষ্টি না থামলে বাসায়ই কাটিয়ে দিতে হতো।’
রাজধানীর আরেকটি অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিল। নানা প্রজাতির গাছে আচ্ছাদিত হাতিরঝিলের পাড়। পাড়ে বসে পরিবারের সঙ্গে, কেউ বন্ধুবান্ধব, কেউবা প্রিয়জনের সঙ্গে ঈদের দিনে সময় পার করছেন। কেউবা বাদ্যযন্ত্র বাজিয়ে গান করছেন। মানুষের উপস্থিতি থাকলেও এখানেও ভিড় ছিল না।
লালবাগ, রমনা ঘুরে সন্ধ্যায় হাতিরঝিলের বেদিতে বসে গল্প করছিলেন জহিরুল ইসলাম, আরিফ রহমান ও আনিসুর রহমান নামের তিন বন্ধু। তাঁরা রাজধানীর তেজগাঁওয়ে একটি বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। ঈদে তাঁদের ছুটি মেলেনি। গত রাতে দায়িত্ব পালন করেছেন। আজ রাতেও তাঁদের দায়িত্ব পালন করতে হবে।
জহিরুল ইসলাম বলেন, ‘বৃষ্টি কমলে বিকেলে ঘুরতে বের হই। লালবাগ, রমনা ঘুরে এখানে এসেছি। তারপর বাসায় যাব। খাওয়াদাওয়া করে আজ রাতে আবার ডিউটি করব। অন্যরা বাড়ি থেকে এলে আমরা ছুটি নেব। তবে ঈদ আমাদের খারাপ কাটেনি। ঈদের নামাজ আদায় করেছি, ঘুরলাম। ভালোই লেগেছে।’