বাজেট-পূর্ব সংবাদ সম্মেলন

সুপেয় পানি নিশ্চিত করতে বরাদ্দে সমতা আনতে হবে

জাতীয় প্রেসক্লাবে বাজেট-পূর্ব সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। ঢাকা, ২৩ মে
ছবি: প্রথম আলো

নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে এখন পানির সামগ্রিক ব্যবস্থাপনার সঙ্গে পয়োনিষ্কাশন ও মানববর্জ্য ব্যবস্থাপনাকেও সমান গুরুত্ব দিয়ে একটি সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করা জরুরি। এ জন্য আসন্ন জাতীয় বাজেটে ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) খাতে বরাদ্দ বৃদ্ধি এবং বিতরণের ক্ষেত্রে আঞ্চলিক অসমতা ও বৈষম্য ঘোচানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞেরা।

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাজেট-পূর্ব সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা এই আহ্বান জানান। পানি, স্যানিটেশন ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করে, এমন কয়েকটি প্রতিষ্ঠান ওয়াটার এইড, পিপিআরসি, ইউনিসেফ, ফানসা, বাউইন, এফএসএম নেটওয়ার্ক, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল, ওয়াটার অ্যান্ড পভার্টি, ওয়াশ অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল ও এমএইচএম প্ল্যাটফর্ম যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ওয়াটার এইডের এদেশীয় পরিচালক হাসিন জাহান। তিনি বলেন, ২০২১ সাল থেকে ওয়াটার এইড এই বাজেট-পূর্ব সংবাদ সম্মেলন করে আসছে। বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসংক্রান্ত বিষয়গুলোর অগ্রগতি ও সমস্যা এবং সংকট তুলে ধরে বরাদ্দ বৃদ্ধি এবং মাঠপর্যায়ের অনুসন্ধানের ভিত্তিতে অগ্রাধিকারের খাতগুলো চিহ্নিত করে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। এর লক্ষ্য থাকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে ওয়াশ খাতের বিভিন্ন প্রকল্পে যথোচিত গুরুত্ব দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ ও সহায়তা করা। সার্বিকভাবে ওয়াশ খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। তবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বৃদ্ধির তুলনায় তা কম। ২০২২-২৩ অর্থবছরে এডিপির বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৪ শতাংশ। কিন্তু ওয়াশ খাতের এডিপি বৃদ্ধি ছিল ৫ দশমিক ৪৪ শতাংশ। নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতের অগ্রগতি আশানুরূপ রাখতে বরাদ্দ বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।  

নিরাপদ পানির জন্য পানি ব্যবস্থাপনার সঙ্গে পয়োনিষ্কাশন ও মানববর্জ্য ব্যবস্থাপনাকেও সমান গুরুত্ব দিতে হবে। নিরাপদ স্যানিটেশনের ক্ষেত্রে দেখা গেছে, শহরের চেয়ে গ্রামপর্যায়ে অগ্রগতি তুলনামূলক ভালো। গ্রামে ৪২ শতাংশ ও শহরে ৩৪ শতাংশ মানুষ নিরাপদ স্যানিটেশনের সুবিধায় এসেছে।

মূল বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ওয়াশ খাতে সার্বিকভাবে বৃদ্ধি বাড়লেও বেশ কিছু সমস্যা ও অসংগতি রয়েছে। তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন করতে হবে। এতে শতভাগ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে হবে। হাতে সময় আছে ৭ বছর। ওয়াশ খাতের সর্বশেষ হালনাগাদ তথ্য রয়েছে ২০২১ সাল পর্যন্ত। এতে দেখা যাচ্ছে, নিরাপদ পানির আওতায় এসেছে ৫৯ শতাংশ ও নিরাপদ স্যানিটেশন সুবিধায় এসেছে ৩৯ শতাংশ মানুষ।

জিল্লুর রহমান আরও বলেন, নিরাপদ স্যানিটেশনের ক্ষেত্রে দেখা গেছে, শহরের চেয়ে গ্রামপর্যায়ে অগ্রগতি তুলনামূলক ভালো। গ্রামে ৪২ ও শহরে ৩৪ শতাংশ মানুষ নিরাপদ স্যানিটেশনের সুবিধায় এসেছে। তবে এখন শহরাঞ্চলে মানববর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা ক্রমেই গুরুতর সমস্যা হয়ে উঠছে। মানববর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনার সঙ্গে নিরাপদ পানি ও স্বাস্থ্যের বিষয়টি নিবিড়ভাবে জড়িত। মানববর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা না করা গেলে তা পানিকে দূষিত করবে। এ কারণে আগের সূচকগুলো এখন পরিবর্তিত হচ্ছে। আগের সূচকে বলা হতো, ‘নিরাপদ পানি’, ‘নিরাপদ স্যানিটেশন’। এখন বলা হচ্ছে ‘নিরাপদ পানি ব্যবস্থাপনা’, ‘নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা’ ইত্যাদি। এই সামগ্রিক বিষয়কে একত্রে বলা হচ্ছে ‘ওয়াশ’ কর্মপরিকল্পনা।

হোসেন জিল্লুর রহমান, ওয়াশ ক্ষেত্রে বরাদ্দ বিতরণে তিন ধরনের বৈষম্যের উল্লেখ করেছেন। এগুলো হলো দুর্গম চর, উপকূল, হাওর, পার্বত্য এলাকার বৈষম্য। শহর ও গ্রামের বৈষম্য এবং আন্তশহর বৈষম্য। এই বৈষম্য দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

পিপিআরসির ফেলো ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ বলেন, দেখা গেছে, আগ্রহের সঙ্গে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়। পরে তেমন আগ্রহ নিয়ে সেই প্রকল্পের পরিচর্যা করা হয় না। এই প্রবণতা বন্ধ করা জরুরি।

সংবাদ সম্মেলনে পাঁচটি সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে বরাদ্দের বৈষম্য ঘোচানো। এডিপি বাজেটে আধা শহর ও নগরায়ণের প্রক্রিয়ায় থাকা গ্রামগুলোতে ওয়াশ প্রকল্পে বরাদ্দ দেওয়া। স্বাস্থ্যবিধি-সংক্রান্ত প্রচারণায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি আরও যেসব মন্ত্রণালয় বা সংস্থা এ বিষয়ে কাজ করে, তাদের নিয়ে সমন্বিত নীতি গ্রহণ এবং তা বাস্তবায়নে জোর দেওয়া। জলবায়ুর পরিবর্তনের কেন্দ্র ও দুর্যোগপ্রবণ এলাকায় বিশেষ মনোনিবেশ করা। ওয়াশ খাতে নতুন সংকটগুলো মোকাবিলায় অগ্রাধিকার দেওয়া।

আয়োজকদের মধ্যে যোসেফ হালদার, আমির খসরু, মেহরাবুল গণি, ফজলুল হক, অলোক মজুমদার প্রমুখ আলোচনায় অংশ নেন। সঞ্চালনা করেন ওয়াটার এইডের পরিচালক পার্থ হেফাজ সেখ।