
শ্রমিক দলনেতা আবদুল জব্বার হাওলাদার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ মাস আগে। ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সুমন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ মাস আগে। তাঁরা দুজনই গত ১৮ জুলাই বিএনপির পদযাত্রা কর্মসূচিতে মিরপুরে সরকারি বাঙলা কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি।
মারা যাওয়া এই দুই ব্যক্তি কীভাবে মামলার আসামি হলেন, তাতে বিস্মিত তাঁদের পরিবার। পুলিশ বলছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে। আর মামলার বাদী বলছেন, কলেজ প্রশাসনের দেওয়া নাম তিনি মামলায় উল্লেখ করেছেন।
আবদুল জব্বার হাওলাদার ও শফিকুল ইসলাম সুমনের বিরুদ্ধে অভিযোগ, দুজনেই ১৮ জুলাই বিএনপির পদযাত্রার কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকার মিরপুরে সরকারি বাঙলা কলেজে হামলায় অংশ নিয়েছেন। কলেজের গেট-ভবনে ভাঙচুর চালিয়েছেন এবং বাইসাইকেল পুড়িয়েছেন। তাঁদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে গত ১৯ জুলাই মিরপুরের দারুস সালাম থানায় মামলা হয়েছে। মামলায় আবদুল জব্বারকে ২ নম্বর আসামি এবং শফিকুল ইসলামকে ৭৩ নম্বর আসামি করা হয়েছে।
আবদুল জব্বার ছিলেন মিরপুরের দারুস সালাম থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। আর শফিকুল ইসলাম ছিলেন সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি।
ওই মামলার বাদী সরকারি বাঙলা কলেজের অফিস সহকারী মাহিদুর রহমান। এই মামলায় ১০৯ জনকে এজাহারনামীয় আসামি করার পাশাপাশি আরও ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মারা যাওয়া দুই ব্যক্তিকে কীভাবে হামলায় অংশ নিতে দেখেছেন জানতে চাইলে মামলার বাদী মাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, কলেজ প্রশাসন হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের প্রাথমিকভাবে চিহ্নিত করেছে। সেই অনুযায়ী তিনি মামলায় আসামির নাম দিয়েছেন। এখন পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।
আবদুল জব্বারের স্ত্রী মর্জিনা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর স্বামী আবদুল জব্বার মারা গেছেন ২০২১ সালের ১১ অক্টোবর। জব্বারকে মামলার আসামি করার বিষয়টি তিনি শুনেছেন। তবে বিষয়গুলো তিনি বোঝেন না জানিয়ে পাশে থাকা জব্বারের খালাতো ভাই জসীম উদ্দিনের সঙ্গে কথা বলতে বলেন।
জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, মিরপুর এলাকায় রাজনৈতিক কোনো ঘটনায় মামলা হলেই জব্বারকে আসামি করা হতো। জব্বারের বিরুদ্ধে এই সরকারের সময়ে ৩০–৩৫টি রাজনৈতিক মামলা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা আসামি হয়েছেন, এমন অনেক মামলাতে জব্বারকে আসামি করা হয়েছে। এখন এ নিয়ে আর কিছু বলার নেই। নীরব ভূমিকা পালন করা ছাড়া উপায় নেই।
শফিকুল ইসলাম মারা যান ২০২২ সালের ৯ নভেম্বর। মারা যাওয়ার ৮ মাস পর শফিকুলের বিরুদ্ধে মামলার বিষয়ে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে শফিকুলের খালাতো ভাই শামসুল হুদা প্রথম আলোকে বলেন, শফিকুল বাঙলা কলেজের শিক্ষার্থী ছিলেন। ছাত্রদলের আগের কমিটির পদধারী নেতা ছিলেন তিনি। কিন্তু মারা যাওয়া ব্যক্তিকে কেন মামলার আসামি করা হলো, সেটি তাঁরা বুঝতে পারছেন না।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার প্রথম আলোকে বলেন, ‘সরকারি বাঙলা কলেজ কর্তৃপক্ষের হয়ে বাদী মামলা করেছেন। কীভাবে মারা যাওয়া দুজনকে আসামি করলেন, সেই বিষয়টি নিয়ে আমরা বাদীর সঙ্গে কথা বলছি। বিষয়টি আদালতকেও অবহিত করা হয়েছে।’
গত ১৮ জুলাই বিএনপির পদযাত্রা কর্মসূচির সময় মিরপুরে সরকারি বাঙলা কলেজে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আরও একটি মামলা করেন ছাত্রলীগ নেতা রুবেল হোসেন। ওই মামলায় ১২০ জনকে এজাহারনামীয় এবং আরও ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলা দুটির এজাহার বিশ্লেষণ করে দেখা যায়, আসামিরা বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দারুসসালাম, শাহ আলী, মিরপুর, পল্লবী, রূপনগর ও কাফরুলের থানা ও ওয়ার্ড কমিটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী।