জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীতে হোটেলে এসি মেরামতের সময় আগুন, দগ্ধ ৪

রাজধানীর খিলক্ষেতের রিজেন্সি হোটেলে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় আগুন লেগে গেলে চারজন দগ্ধ হন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এই আগুন লাগে।

দগ্ধ ব্যক্তিরা হলেন আবাসিক হোটেলের কর্মী মনসুর আলী (৩২), আবদুল মতিন (৬৭), মোহাম্মদ মাহি (১৭) ও আবদুল জলিল (৬৭)। চিকিৎসকেরা বলেছেন, দগ্ধ মনসুরের অবস্থা গুরুতর। তাঁর শরীরের ২১ শতাংশ পুড়ে গেছে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত একটার পরে হোটেল রিজেন্সির বেজমেন্টে এসি মেরামতের সময় আগুন লাগে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় হোটেল কর্তৃপক্ষই আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার প্রয়োজন হয়নি।

দগ্ধ ব্যক্তিদের সহকর্মী মোহাম্মদ ইমরান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের বলেন, এসি মেরামতের কাজ চলছিল। এ সময় হঠাৎ শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। এতে চারজন দগ্ধ হন। তাঁরা সবাই হোটেলটির কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজের সঙ্গে যুক্ত।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, দগ্ধদের মধ্যে মনসুরের শরীরের ২১, মতিন ও মাহির ৫ এবং জলিলের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। মনসুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে পর্যবেক্ষণে রাখা রয়েছে।