ফায়ার সার্ভিস দপ্তরে হামলা উদ্দেশ্যপ্রণোদিত কি না, খতিয়ে দেখা হচ্ছে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক
ফাইল ছবি

রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার দিন ফায়ার সার্ভিসের অফিসে হামলা উদ্দেশ্যপ্রণোদিত ছিল কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেছেন, ফায়ার সার্ভিস অফিসে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বঙ্গবাজারে আগুন লাগার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, এখানে (বঙ্গবাজার) বহুতল ভবন করার কথা ছিল। ব্যবসায়ীদের একাংশ ভবন করার বিপক্ষে ছিল। তাঁদের মধ্যে দ্বন্দ্ব আছে। তবে আগুন লাগার কারণ কী, সেটা তদন্তে ফায়ার সার্ভিস কমিটি করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি করেছে। তারা তদন্ত করছে আগুন লাগার কারণ নিয়ে।’

গত মঙ্গলবার সকালে বঙ্গবাজার কমপ্লেক্সে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বিপণিবিতানে। আগুন নেভাতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সাহায্যকারী দল এসে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়। সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান সাংবাদিকদের জানান, বঙ্গবাজারে আগুনে প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একদল লোক সেদিন ফায়ার সার্ভিস অফিসে ঢুকে গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় বংশাল থানায় মামলা হয়েছে।