দেখে–বুঝে বিএনপির সমাবেশের অনুমতি: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক
ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতি দেখে–বুঝে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আগামী বুধবার ঢাকায় সমাবেশ করে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে তারা।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক রোববার রাতে প্রথম আলোকে বলেন, বিএনপি প্রায় সময়ই সেখানে (নয়াপল্টনে) সমাবেশ করে। এটা নতুন কোনো খবর নয়।

বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না, জানতে চাইলে খন্দকার গোলাম ফারুক বলেন, এ বিষয়ে পুলিশ ও গোয়েন্দারা কাজ করছেন। দেখে–বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক যৌথ সভায় এ সমাবেশ নিয়ে কথা বলেন দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান। তিনি নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘১২ জুলাইয়ের সমাবেশে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে আপনাদের আসতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। সেখান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন পর্যায়ের আন্দোলনের ঘোষণা দেবেন।’

বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণায় তাঁদের নতুন কর্মসূচিও থাকবে। তাঁরা এ সমাবেশের প্রস্তুতির কাজ শুরু করেছেন।