
রাজধানীর ডেমরায় একতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে আহত এক শিশু গতকাল শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার নাম আবদুল্লাহ হাওলাদার (১১)। সে স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল আওয়াল এবং নিহত শিশুর বড় বোন খবরটি নিশ্চিত করেছেন।
ডেমরা ডগাইর নতুনপাড়া ইসলামবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত আবদুল্লাহ। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।
শিশুটির বড় বোন লাইজু হাওলাদার বলেন, গতকাল ডগাইর নতুনপাড়া ইসলামবাগ ভাড়া বাসা থেকে বের হয়ে অন্য শিশুদের সঙ্গে পাশের বাড়ির একতলার ছাদে ঘুড়ি ওড়াতে ওঠে আবদুল্লাহ। পরে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাতে আবদুল্লাহ মারা যায়।
ডেমরা থানার এসআই মো. আবদুল আওয়াল বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৃত আবদুল্লাহ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গ্রামের মৃত সিডো হাওলাদারের ছেলে।