ঢাকায় এক দিনে দুই কারাবন্দীর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ
ফাইল ছবি

রাজধানীর অদূরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দুজন বন্দী মারা গেছেন। আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁরা মারা গেছেন।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার) সুভাষ কুমার ঘোষ।

মারা যাওয়া দুজন কারাবন্দী হলেন রাসেল (৩৪) ও মাসুম মাতব্বর (৪২)। মাসুম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। অন্যদিকে রাসেল মারামারি মামলার আসামি ছিলেন।
সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, কারাবন্দী রাসেল আজ সকালে অসুস্থ হয়ে পড়েন। সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অসুস্থ হয়ে পড়ায় ১৯ জুন কারাবন্দী মাসুম মাতব্বরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল উল্লেখ করে সুভাষ কুমার ঘোষ বলেন, আজ ভোর ৫টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।