
পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যশোরে যাচ্ছেন রহমত উল্লাহ। সঙ্গে স্ত্রী ও পাঁচ বছরের সন্তান। এ কে পরিবহনের যে বাসে বাড়ি যাওয়ার জন্য টিকিট কেটেছেন, সেটি সায়েদাবাদ থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৯টা ৪০ মিনিটে। কিন্তু বেলা একটার সময়ও বাস ছাড়েনি। কখন বাস ছাড়বে, সেই নিশ্চয়তাও দিতে পারছেন না বাস কাউন্টারের লোকজন।
রহমত উল্লাহ বলেন, ‘চার ঘণ্টা ধরে কাউন্টারে বসে আছি। বাস কখন ছাড়বে, নিশ্চিত করে কেউ কিছু বলছে না। সাড়ে ৭টার বাস ১২টায় ছেড়েছে। বাসের লোকজন বলছেন, ঢাকায় বাস ঢুকতে দেরি হচ্ছে, তাই দেরি হচ্ছে।’ তাঁর অভিযোগ, ঈদের কথা বলে নির্ধারিত ভাড়ার চেয়ে টিকিটপ্রতি ২০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।
শুধু রহমত উল্লাহ নন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সায়েদাবাদে ঘরমুখী বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, বাস ছাড়তে নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে চার ঘণ্টা পর্যন্ত দেরি হচ্ছে।
বাস ছাড়তে দেরি হওয়ার বিষয়ে জানতে চাইলে এ কে পরিবহনের বিক্রয়কর্মী মো. করিম প্রথম আলোকে বলেন, গাড়ি ঢাকায় ঢোকার পর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে আসতে দু-তিন ঘণ্টা সময় লাগছে। রাস্তার ওপর পশুর হাটের কারণেও ঢাকার ভেতরে যানজট হচ্ছে। তিনি বলেন, ঈদ উপলক্ষে ২০০-১০০ টাকা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।
সায়েদাবাদে কথা হয় বরিশাল, ফেনী, কুমিল্লা ও চাঁদপুরগামী বিভিন্ন বাসের ১৫ জন যাত্রীর সঙ্গে। তাঁরা বাস ছাড়তে দেরি হওয়ার কথা জানালেন। অভিযোগ করলেন বাড়তি ভাড়া আদায়ের। বাস কর্তৃপক্ষের দাবি, ঈদের সময় আসতে হয় খালি বাস নিয়ে। এ কারণে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।
পোশাক কারখানায় কাজ করেন কিশোর হালদার। গতকাল মঙ্গলবার তাঁর কারখানা ছুটি হয়েছে। বেলা ১১টার দিকে সায়েদাবাদে এসেছেন ঝালকাঠিতে গ্রামের বাড়ি যাবেন বলে। প্রায় দুই ঘণ্টা বিভিন্ন বাসের কাউন্টার ঘুরেছেন কিশোর। ৫৫০ টাকার ভাড়া বাসগুলো নিচ্ছে ১ হাজার করে। পরে তিনি লাবিবা এক্সপ্রেস বাসের টিকিট কেটে কাউন্টারে অপেক্ষা করছেন।
কিশোর হালদার প্রথম আলোকে বলেন, ‘টিকিট কেটে বসে অপেক্ষা করছি। বাস বেলা দেড়টায় ছাড়ার কথা রয়েছে। তবে টিকিট করার সময় যানজটের কারণে দেরি হতে পারে বলে কাউন্টার থেকে বলা হয়েছে।’
লাবিবা বাসের সায়েদাবাদ কাউন্টারের ব্যবস্থাপক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ঈদের সময় ঢাকা থেকে যাত্রী পাওয়া যায়; কিন্তু আসার সময় পুরো গাড়ি খালি থাকে। এ কারণে ১০০-২০০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়া নেওয়ার আরেকটা কারণ হচ্ছে, বাসের কর্মীদের সবাইকে ঈদ বোনাস দিতে হয়।
তিশা পরিবহনে কুমিল্লার টিকিট কেটে অপেক্ষা করছিলেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহির হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি। বাসের দেখা নাই।’ এ বিষয়ে কাউন্টার মাস্টার মো. বাবু বলেন, ‘যাত্রাবাড়ী থেকে ঘুরে বাস সায়েদাবাদে আসতে চার ঘণ্টা সময় লাগবে। আমাদের প্রতিটি বাস অনেক দেরি করে ছাড়ছে। দেরি হওয়ার বিষয়টি আমরা টিকিট করার সময় যাত্রীদের বলে দিচ্ছি।’
সরেজমিনে দেখা গেছে, কমলাপুর থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত ব্যাপক যানজট। যানজটের কারণে ঢাকা থেকে যাত্রী নিয়ে বের হওয়ার জন্য রাস্তার ওপর অপেক্ষা করছে বাস।