রিকুইজিশন করা গাড়ির চালকেরা সড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ১০ ফেব্রুয়ারি
রিকুইজিশন করা গাড়ির চালকেরা সড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ১০ ফেব্রুয়ারি

রিকুইজিশনে থাকা মিনি ট্রাক ও লেগুনাচালকদের সড়ক অবরোধ, সেনা হস্তক্ষেপে সমাধান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিকুইজিশন করা লেগুনা ও মিনি ট্রাকের চালকেরা খোরাকি ভাতা পাননি দাবি করে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মোড়সংলগ্ন সড়ক আজ মঙ্গলবার এক ঘণ্টা অবরোধ করে রাখেন। বিকেল চারটার দিকে সেনাবাহিনী গিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।

সেনাবাহিনী এক বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়েছে, আজ বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত চালকেরা এই সড়ক অবরোধ করে রাখেন। এ সময় চারপাশের সব যানবাহন বন্ধ হয়ে তীব্র যানজট শুরু হয়। শেরেবাংলা নগর থানা–পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করতে গেলে তাঁরা পুলিশের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। এরপর বিকেল ৪টা ৫ মিনিটে শেরেবাংলা নগর সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর টহল দল গিয়ে অবরোধকারীদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং শান্তিপূর্ণভাবে পুলিশের রিকুইজিশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে বলে। অতঃপর অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে যান।

বিকেল ৪টা ৫ মিনিটে শেরেবাংলা নগর সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর টহল দল গিয়ে অবরোধকারীদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়। ১০ ফেব্রুয়ারি

পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম প্রথম আলোকে বলেন, রিকুইজিশন করা গাড়ির চালকেরা খোরাকি ভাতা ঠিকমতো পাননি—এমন দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। পরে তাঁদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।