হোটেল ইন্টার কন্টিনেন্টালে আইসিডিডিআরবির আয়োজনে যৌন ও প্রজননস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা
হোটেল ইন্টার কন্টিনেন্টালে আইসিডিডিআরবির আয়োজনে যৌন ও প্রজননস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা

বাড়িতে প্রসব ফিস্টুলার ঝুঁকি বাড়াচ্ছে

মাত্র ১১ বছর বয়সে বিয়ে এবং ১৩ বছর বয়সে মা হয় এক কিশোরী। বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসব জটিলতায় ওই কিশোরী পরে ফিস্টুলায় আক্রান্ত হয়। ফিস্টুলার ক্ষেত্রে যোনিপথের সঙ্গে মূত্রনালি বা যোনিপথের সঙ্গে মলনালি অথবা যোনিপথের সঙ্গে মূত্র ও মলনালি উভয়ই যুক্ত হয়ে যায়। এতে প্রস্রাব ও পায়খানার ওপর নিয়ন্ত্রণ থাকে না, অনবরত ঝরতে থাকে।

আইসিডিডিআরবি আয়োজিত জাতীয় সম্মেলনে ওই কিশোরীর কথা তুলে ধরেন অধ্যাপক সায়েবা আক্তার। তিনি দাতব্য হাসপাতাল মামস ইনস্টিটিউট অব ফিস্টুলা অ্যান্ড উইমেন্স হেলথ অন ফিস্টুলার প্রধান নির্বাহী কর্মকর্তা।

যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার (এসআরএইচআর) নিয়ে আজ বুধবার ইন্টার কন্টিনেন্টাল ঢাকা হোটেলে জাতীয় সম্মেলনটির আয়োজন করা হয়। ‘ধারণা, উদ্ভাবনী দক্ষতা ও নতুনত্বের মাধ্যম গবেষণা প্রদর্শন’ শিরোনামে সম্মেলনের আয়োজন করে আইসিডিডিআরবির উদ্যোগ অ্যাডভ্যান্সিং সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড রাইটস (অ্যাডসার্চ)। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার (জিএসি) সহায়তায় অ্যাডসার্চ যৌন ও প্রজননস্বাস্থ্য সুরক্ষায় ২০২১ সাল থেকে গবেষণা ও উদ্ভাবন নিয়ে কাজ করছে। যৌন ও প্রজননস্বাস্থ্য সুরক্ষায় নতুন গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং গবেষক-উদ্ভাবক, পেশাজীবী ও তরুণদের এক করা ছিল সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

এক–তৃতীয়াংশের বেশি প্রসব বাড়িতে হয়, যা ফিস্টুলার ঝুঁকি বাড়াচ্ছে। ১৯ হাজারের বেশি নারী ফিস্টুলায় ভুগছেন। জন্মনিয়ন্ত্রণের যেকোনো আধুনিক পদ্ধতি নেওয়ার হার ৫৫ শতাংশ।

সম্মেলনে ফিস্টুলা, অপরিণত ও অপরিকল্পিত গর্ভধারণ, পরিবার–পরিকল্পনা পদ্ধতি গ্রহণে নারীদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না থাকার তথ্য তুলে ধরে বলা হয়, দেশে নারী ও কিশোরীর প্রজননস্বাস্থ্য অধিকার এখনো উপেক্ষিত। বাল্যবিবাহ ও অল্প বয়সে সন্তান ধারণের কারণে নিরাপদ মাতৃত্বের ঝুঁকি তৈরি হয়। এখনো এক–তৃতীয়াংশের বেশি প্রসব বাড়িতে হয়, যা ফিস্টুলার ঝুঁকি বাড়াচ্ছে। ১৯ হাজারের বেশি নারী ফিস্টুলায় ভুগছেন। জন্মনিয়ন্ত্রণের যেকোনো আধুনিক পদ্ধতি নেওয়ার হার ৫৫ শতাংশ। এর মধ্যে ২৭ শতাংশই খাওয়ার বড়ি। এ ছাড়া দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পদ্ধতি নেওয়ার দায়িত্বও নারীকেই পালন করতে হয়। জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ২০৩০ সালের মধ্যে ৭০ শতাংশ স্ক্রিনিং করার লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত দেশে ভায়া পরীক্ষার মাধ্যমে ২০ শতাংশ স্ক্রিনিং করা সম্ভব হয়েছে।

যৌন ও প্রজননস্বাস্থ্য বিষয় লুকিয়ে না রেখে কিশোর-কিশোরীদের সঙ্গে কথা বলতে হবে।
সাইদুর রহমান, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ

সম্মেলনের উদ্বোবনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, যৌন ও প্রজননস্বাস্থ্য মানুষের জীবনের একটি অংশ। জীবনের এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেও নানা রোগের ঝুঁকি থাকে। তবে অনেক সময় ভালো যত্ন ও চিকিৎসা না পেয়ে অনেকে যৌন ও প্রজননস্বাস্থ্য চিকিৎসা নেন না। চিকিৎসকদের দায়িত্ব হবে এসব রোগ বয়ে চললে পরিণতি কতটা খারাপ হতে পারে, তা মানুষকে বোঝানো। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে সব মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্য নিয়ে বিভিন্ন পরিকল্পনা করেছে সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান বলেন, যৌন ও প্রজননস্বাস্থ্য বিষয় লুকিয়ে না রেখে কিশোর-কিশোরীদের সঙ্গে কথা বলতে হবে। পরিবার ও স্কুল থেকে কিশোর-কিশোরীদের বোঝানোর উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

এ পর্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চের (নিপোর্ট) মহাপরিচালক শফিকুল ইসলাম ও বাংলাদেশে নিযুক্ত কানাডা হাইকমিশনের উন্নয়ন করপোরেশন বিভাগের প্রধান জো গুডিংস। এ পর্বে সভাপতিত্ব করেন অ্যাডসার্চের প্রকল্প পরিচালক ও আইসিডিডিআরবির মা ও শিশুস্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ বিজ্ঞানী শামস এল আরেফিন। সহসভাপতিত্ব করেন যৌন ও প্রজনন অধিকার ও নিরাপদ মাতৃত্ব নিয়ে কাজ করা দুটি বেসরকারি সংস্থা শেয়ার-নেট বাংলাদেশের প্রকল্প পরিচালক অর্ণব চক্রবর্তী এবং আইপাস বাংলাদেশের এদেশীয় পরিচালক সৈয়দ রুবায়েত। স্বাগত বক্তব্য দেন অ্যাডসার্চের উপপ্রকল্প পরিচালক ও আইসিডিডিআরবির মা ও শিশুস্বাস্থ্য বিভাগের গবেষণাপ্রধান কামরুন নাহার।

সম্মেলনে বাংলাদেশের যৌন ও প্রজননস্বাস্থ্য বিস্তারে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিন চিকিৎসককে ‘এক্সেলিন্স ইন এইচআরএইচআর অ্যাওয়ার্ড ২০২৩’ (যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকারে শ্রেষ্ঠত্ব পুরস্কার) দেওয়া হয়। তাঁরা হলেন অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী (টি এ চৌধুরী), জাতীয় অধ্যাপক শাহলা খাতুন এবং হালিদা হানুম আকতার। তাঁদের মধ্যে অধ্যাপক শাহলা খাতুন অনুপস্থিত ছিলেন।

সম্মেলনে দুটি অধিবেশন পরিচালনা করা হয়। সম্মেলনের আগে গবেষণা ধারণাপত্র ও উদ্ভাবনী প্রস্তাবনা আহ্বান করা হয়েছিল। সেখান থেকে বাছাই করা সেরা গবেষণা ধারণাপত্র ও উদ্ভাবনী প্রস্তাবনাগুলো উপস্থাপন করা হয় এবং সেরাদের পুরস্কৃত করা হয়। বিজয়ীরা পরবর্তী সময়ে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ পাবেন। অনুষ্ঠানে যৌন ও প্রজননস্বাস্থ্য নিয়ে বিভিন্ন স্টল ও পোস্টার প্রদর্শনীর আয়োজন ছিল।