
ঈদের ছুটি শেষে আবার কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। শুক্রবার ছুটির দিনের বিকেল ছিল চিত্রকলা প্রদর্শনীর রূপমাধুরী মাখা। আর সন্ধ্যা ভরে উঠেছিল লোকগানের হৃদয়ছোঁয়া সুরে।
এদিন লালমাটিয়ার ডি-ব্লকের ৯/৪ নম্বর বাড়ির কলাকেন্দ্রে শুরু হয় দলবদ্ধ শিল্পকর্মের প্রদর্শনী ‘অজ্ঞাতনামা-৩’। বিকেল চারটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনী সম্পর্কে ধারণা দিতে গিয়ে এর কিউরেটর শিল্পী ওয়াকিলুর রহমান জানান, এই প্রদর্শনীর শিল্পকর্মগুলোর কোনো নাম নেই, শিল্পীদের স্বাক্ষর বা নামও লেখা হয়নি পটে। এ কারণেই শিল্পকর্মগুলো অজ্ঞাতনামা। দর্শক ও সংগ্রাহকেরা শিল্পকর্মগুলো দেখে নিজেদের মতো করে ভাববেন, মূল্যায়ন করবেন, ভালোমন্দের বাছবিচার করবেন।
কারণ, শিল্পকর্মের শিরোনাম বা শিল্পীর নাম অনেক ক্ষেত্রেই স্বাধীনভাবে শিল্পকর্ম মূল্যায়নের ক্ষেত্রে একপ্রকারের বাধা হয়ে আসে। অনেক সময় দর্শক বা সংগ্রাহকের মনে খ্যাতনামা শিল্পীর নাম প্রভাব ফেলে তাঁর শিল্পকর্ম মূল্যায়নের ক্ষেত্রে। কাজেই নাম না থাকলে বিষয়টি কেমন হয় এই নিরীক্ষার প্রয়াস থেকেই তিন বছর ধরে প্রবীণ-নবীন শিল্পীদের কাজ নিয়ে যৌথ প্রদর্শনীর আয়োজন করছে কলাকেন্দ্র। শিল্পকর্মগুলোর দামও রাখা হয়েছে সাধারণ সংগ্রাহকের নাগালের মধ্যে।
কলাকেন্দ্রে এই ‘অজ্ঞাতনামা’ শুরু হয়েছিল ২০২১ সালে। প্রথম প্রদর্শনীটি বেশ সফল হয়েছিল। সেই উৎসাহে গত বছর আগস্টে হয় দ্বিতীয় প্রদর্শনী। এবার অজ্ঞতানামা হচ্ছে তৃতীয়বারের মতো।
আয়োজকেরা জানান, এবার অংশগ্রহণকারী শিল্পীর সংখ্যা ও মাধ্যমগত বৈচিত্র্যও বেড়েছে। দেশের শিল্পীদের পাশাপাশি ভারতের শিল্পীরাও এতে অংশ নিয়েছেন। পেশাদার শিল্পীর পাশাপাশি অনেক শৌখিন শিল্পীর কাজ আছে। আছে আলোকচিত্রীদের কাজ।
সব মিলিয়ে ১০৪ শিল্পীর প্রত্যেকের দুটি করে ২০৮টি শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে। ঘুরে দেখা গেল, দু-একটি ব্যতিক্রম ছাড়া বাদবাকি শিল্পকর্মে শিল্পীর স্বাক্ষর নেই।
আয়োজকেরা জানান, সংগ্রাহকেরা চাইলে প্রদর্শনীর শেষে নিজের সংগ্রহ করা শিল্পকর্মটিতে শিল্পীর স্বাক্ষর নিতে পারেন। তাঁরা সেই ব্যবস্থা রেখেছেন। প্রদর্শনী চলবে ২৪ জুলাই পর্যন্ত।
প্রদর্শনীতে বিমূর্ত, আধা বিমূর্ত, ভূপ্রকৃতি, নিসর্গ, অবয়ব, ফুল-লতাপাতা, লোকজ আঙ্গিকের অলংকারপ্রধান কাজসহ হরেক রকমের কাজ আছে যা দর্শদের ভালো লাগবে, ভাবাবেও।
মাটি ছুঁয়ে আসা লোকগানের সুরে আষাঢ়ের মেঘলা সন্ধ্যা ভরিয়ে দিয়েছিলেন শিল্পী বিশ্বজিৎ রায়। শুক্রবার শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে তাঁর সংবর্ধনা ও ‘ভাইবে রাধারমণ বলে’ শীর্ষক একক গানের অনুষ্ঠান আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন লোকাঙ্গন।
অনুষ্ঠানের প্রথম পর্বে শিল্পীর সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন মঞ্চসারথি নাট্যজন আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুরকার সুজেয় শ্যাম, বক্তব্য দেন শিল্পী মাহমুদ সেলিম। স্বাগত বক্তব্য দেন লোকাঙ্গনের সাধারণ সম্পাদক শামীম হোসেন, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নারায়ণ চন্দ্র শীল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘হায়রে আমার সোনার বাংলা’ গানটি দিয়ে সুরের জাল বোনা শুরু করেন শিল্পী, গীতিকার, সুরকার ও লোকসংগীত সংগ্রাহক বিশ্বজিৎ রায়। পরে তিনি ‘দেহ আমার ভাঙ্গা তরী’, ‘একপলকের এই দুনিয়া’, ‘আমারে আসিবার কথা কইয়া’, ‘কেমন আছে কমলিনী রাই’সহ বিভিন্ন আঙ্গিকের প্রায় ১৫টি লোকসংগীত গেয়ে শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।