ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটির আওতাধীন ওয়ার্ডের এলাকাগুলোয় ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবেন বলে ঘোষণা দিয়েছেন সিটির মেয়র আতিকুল ইসলাম। ১৯ জুন বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। আর এই সময়ের গণনা শুরু হবে ঈদের দিন মেয়র যখন আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণের কাজ উদ্বোধন করবেন।
মেয়রের ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটিতে প্রায় ১১ হাজার পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য অপসারণে কাজ করবেন। সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, এসব পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে সাড়ে চার হাজার কর্মীই প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি) বা ভ্যান সার্ভিসের, যাঁরা মূলত বেসরকারিভাবে টাকার বিনিময়ে সারা বছর বাসাবাড়ির বর্জ্য ভ্যানে করে সংগ্রহ করেন। এসব কর্মী সিটি করপোরেশন থেকে কোনো পারিশ্রমিক পান না। কিন্তু কোরবানির ঈদে বিভিন্ন পাড়া-মহল্লা থেকে পশুর বর্জ্য সংগ্রহে তাঁরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এ ছাড়া ঢাকা উত্তর সিটির আওতাধীন ২৮টি ওয়ার্ডে করপোরেশনের নিজস্ব ২ হাজার ১১৭ পরিচ্ছন্নতাকর্মী এবং ২৬টি ওয়ার্ডে বেসরকারি বর্জ্য ব্যবস্থাপনায় (আউটসোর্সিং) নিয়োজিত আরও ২ হাজার ৬৬৩ কর্মী রয়েছেন। এর বাইরে সারা বছরের জন্য চুক্তিতে নিয়োজিত বিশেষ আরও ৪২২ পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে কোরবানির ঈদ উপলক্ষে আরও ৬১২ কর্মী নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ।
পরিচ্ছন্নতাকর্মীদের সংগ্রহ করা বর্জ্য অস্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) ও বিভিন্ন খোলা জায়গায় থেকে আমিনবাজার ল্যান্ডফিলে নিতে ১৫০টি ডাম্প ও খোলা ট্রাক নিয়োজিত করছে সংস্থাটি। সঙ্গে বুলডোজার ও এস্কেভেটরের মতো ৪৭টি ভারী যান, যন্ত্রপাতি এবং ১০টি পানির গাড়ি থাকবে।
বর্জ্য সংগ্রহের কাজটি আরও দ্রুততার সঙ্গে শেষ করতে নিজস্ব যানবাহনের পাশাপাশি আরও ২০৪টি ছোট পিকআপ ভাড়া করছে সংস্থাটি। ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে ঈদের দিন ৩টি করে মোট ১৬২টি পিকআপ দেওয়া থাকবে। অলিগলি থেকে কোরবানির বর্জ্য পিকআপ দিয়ে এসটিএসে নেওয়া হবে। ঈদের পরদিন আরও ৪২টি পিকআপ নিয়োজিত থাকবে।
মেয়র ওই সংবাদ সম্মেলনে দাবি করে বলেছিলেন, ‘মেয়রের দায়িত্ব যখন নিলাম, তখন কোরবানির বর্জ্য অপসারণে ৪৮ ঘণ্টা সময় লাগত। পরবর্তী বছরে সেই কাজ ২৪ ঘণ্টার মধ্যে শেষ করেছি। শেষ গত বছর ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণ করেছিলাম।’ এবার কাজটি তিনি ৮ ঘণ্টার মধ্যে শেষ করতে চান, যে কারণে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নিজেও মাঠে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।
দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণের কাজ করা নিয়ে অনেকটা চাপে আছেন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের নিজস্ব পরিচ্ছন্নতাকর্মীরা। পাশাপাশি ঈদের বোনাস–সংক্রান্ত অসন্তুষ্টিও রয়েছে তাঁদের।
ঢাকা উত্তর সিটির নিজস্ব পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘মেয়র কিংবা কর্মকর্তাদের কেউ আমাদের সঙ্গে কোনো সভা করেননি। আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই মেয়র আট ঘণ্টার সময় দিয়েছেন।’
শাহাদাত হোসেন আরও বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক কম। আমরা মেয়রের কাছে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীর জন্য পাঁচ হাজার টাকা বোনাসের দাবি করেছিলাম। কিন্তু আগের তিন হাজার টাকা করেই দেওয়া হয়েছে। কোরবানির ঈদের আগে ও পরে কয়েক দিন পরিচ্ছন্নতাকর্মীদের অনেক কাজ করতে হয়। ঈদে তাঁরা ছুটি পান না।’
আর ভ্যান সার্ভিস প্রতিষ্ঠানের মালিকেরা বলেন, মেয়র তাঁদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই সিদ্ধান্তটি চাপিয়ে দিয়েছেন। মেয়র ঘোষণা দেওয়ার পর বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা ঢাকা উত্তর সিটির বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে ভ্যান সার্ভিসের প্রতিনিধিদের সঙ্গে সভা করছেন। সভায় মেয়রের ঘোষিত সময়ের মধ্যেই কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।
ঢাকা উত্তরের পিডব্লিউসিএসপির সভাপতি নাহিদ আক্তার প্রথম আলোকে বলেন, ঈদের আগের রাতের মধ্যে কোরবানির জন্য এনে রাখা পশুর বর্জ্য ও অন্যান্য বর্জ্য পরিষ্কার করে ফেলতে হয়। ওই হিসেবে ভ্যান সার্ভিসের কর্মীরা রাত থেকেই কাজ শুরু করেন। আবার ঈদের দিন সকাল ৮টা থেকে ৯টার পরই কাজ শুরু করতে হয়। আর যতক্ষণ না বর্জ্য শেষ হয়, ততক্ষণই কাজ করতে হয়। সেখানে নির্ধারিত সময়ের কোনো হিসাব থাকে না।
নাহিদ আক্তার আরও বলেন, ‘সাবেক মেয়র আনিসুল হক ঈদের আগে আমাদের (ভ্যান সার্ভিসের প্রতিনিধি) নিয়ে সভা করতেন। সেখানে গণমাধ্যমকর্মীরাও থাকতেন।
কাজ নিয়ে আমাদের অসুবিধা ও সমস্যাগুলো শুনতেন। কীভাবে কাজ করা যায়, সেগুলো নিয়ে আলোচনা হতো। এ বছর বর্জ্য অপসারণের কাজের সময় কমিয়ে এনে তিনি (মেয়র আতিকুল ইসলাম) ঘোষণা দিলেন, কিন্তু মূলত মাঠপর্যায়ে যাঁরা কাজ করবেন, তাঁদের সঙ্গে তিনি কোনো আলোচনাই করলেন না।’
এদিকে বর্জ্য অপসারণের কাজ সুষ্ঠুভাবে শেষ করতে ঢাকা উত্তর সিটির সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। আর কাজ পরিচালনায় তদারকি দল ও কমিটি গঠন করা হয়েছে।
বর্জ্য সংগ্রহের প্রস্তুতির বিষয়ে ঢাকা উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ–উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যেসব যানবাহন ও যানযন্ত্র প্রয়োজন, সেগুলো প্রস্তুত রয়েছে। এখন যেভাবে বৃষ্টি হচ্ছে, আজ জলাবদ্ধতা নিয়ে আমাদের লোকজন সব মাঠে কাজ করছেন। এটি আমাদের কর্মীদের জন্য বাড়তি চাপ হবে। এরপরও সম্ভব বলে আশা করছি।’
পরিচ্ছন্নতাকর্মী ও ভ্যান সার্ভিস প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে না নেওয়ার বিষয়ে শরিফ-উল ইসলাম বলেন, ‘আগে বর্জ্য অপসারণের কাজ করতে দুই থেকে তিন দিন সময় লাগত। গতবার প্রথম ওই কাজ ১২ ঘণ্টায় শেষ করা হয়েছে। কোনো কোনো ওয়ার্ডে এর আগেও শেষ হয়েছিল। সুতরাং কাজ শেষ করা সম্ভব।
আমাদের ওপর, তথা যেসব পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন, তাঁদের ওপর মেয়রের এমন বিশ্বাস চলে এসেছে। এ জন্যই তিনি আট ঘণ্টার ঘোষণা দিয়েছেন।’
কর্মকর্তারা বলেন, আগামীকাল ঈদের দিন বেলা ২টা থেকে মেয়র আতিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণের কাজ শুরু করবেন। সেই হিসাবে রাত ১০টার মধ্যে সব ওয়ার্ডের বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে।