
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে মুখস্থ করার চেয়ে দক্ষতাভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের এগিয়ে রাখে। তাই দক্ষতা বাড়াতে পাঠ্যবই ও একাডেমিক ফলাফলের সঙ্গে বিতর্ক, খেলাধুলা ও নেতৃত্বের গুণাবলি অর্জনকে প্রাধান্য দিচ্ছে দেশের ইংরেজি মাধ্যমের স্কুলগুলো।
আজ শনিবার এক উন্মুক্ত আলোচনার প্রশ্নোত্তর পর্বে কথাগুলো বলেন বক্তারা। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬’–এ আলোচনার আয়োজন করা হয়।
ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো ডটকমের এই মেলার আয়োজন করে। এ আয়োজন পাওয়ার্ড বাই সিএইচএস এডুকেশন লিমিটেড। ব্যাংকিং পার্টনার প্রাইম ব্যাংক পিএলসি। আইসক্রিম পার্টনার হিসেবে রয়েছে পোলার আইসক্রিম।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে প্লে-গ্রুপ থেকে শুরু করে প্রাইমারি এবং ও/এ লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ভর্তিবিষয়ক তথ্য ও পরামর্শ জানতে পারছেন অভিভাবক ও দর্শনার্থীরা।
আজকের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের অ্যাকাউন্ট ম্যানেজার (স্কুল) সৈয়দ ফাহিম ফয়সাল বলেন, দেশের ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীরা অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়াশোনা করে। তাদের ক্যারিয়ারের লক্ষ্য সম্পর্কে তারা যথেষ্ট সচেতন। ব্রিটিশ কাউন্সিল এবং অন্যান্য সহযোগী সংস্থা শিক্ষার্থীদের এই পথচলায় পূর্ণ সহযোগিতা দেয়।
প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়া অভিভাবকেরা জানতে চান, ইংরেজি মাধ্যমের স্কুলগুলো প্রকৃতপক্ষে কতটা ব্রিটিশ কারিকুলাম অনুসরণ করে। এর উত্তরে সৈয়দ ফাহিম ফয়সাল বলেন, যেসব ইংরেজি মাধ্যমের স্কুল ব্রিটিশ কাউন্সিলের তালিকাভুক্ত, তারা পুরোপুরি ব্রিটিশ কারিকুলাম অনুসরণ করেই পাঠদান করায়। তা ছাড়া এসব স্কুলে শিক্ষার মান নিশ্চিতে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিয়ত তদারকি করে।
সফল ব্যক্তিদের সাধারণ বৈশিষ্ট্য হলো তাঁরা প্রাতিষ্ঠানিক জীবনে সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে নিজেদের যুক্ত রাখেন—এমনটি উল্লেখ করেন প্রফেশনাল করপোরেট ট্রেইনার গোলাম সামদানি ডন। তাঁর মতে, ভালো একাডেমিক ফলাফলই শুধু সাফল্যের চাবিকাঠি নয়, বরং যেকোনো কাজে লেগে থাকার মানসিকতা ও সমস্যা সমাধানের দক্ষতাই মানুষকে প্রকৃত অর্থে সফল করে তোলে।
গোলাম সামদানি বলেন, দেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলো এই কাজটি কার্যকরভাবে করেন। তাই সন্তানদের জন্য স্কুল নির্বাচনের ক্ষেত্রে অভিভাবকদের কেবল পড়াশোনা নয়, বরং জীবনমুখী দক্ষতা ও নেতৃত্ব বিকাশে সহায়ক প্রতিষ্ঠানকে প্রাধান্য দেওয়া জরুরি।
বাংলাদেশের ইংরেজি মাধ্যম শিক্ষার আন্তর্জাতিক মানের ওপর গুরুত্বারোপ সিএইচএস এডুকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং সিইও নাজমুল হাসান। তিনি বলেন, দেশের স্কুলগুলোর পাঠ্যক্রম এখন অনেক আধুনিক এবং বিশ্বমানের। বর্তমানে শিক্ষার্থীরা কেবল ভালো ফলের জন্য নয়, বরং জীবন পরিচালনার দক্ষতা ও আর্থিক ব্যবস্থাপনার মতো বিষয়গুলোও শিখছে।
‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬’ প্রথমবারের মতো ঢাকায় আয়োজন করা হয়। ‘সঠিক সিদ্ধান্ত, সুন্দর ভবিষ্যৎ’ স্লোগানে গত ২৬ এপ্রিল থেকে অনলাইনে শুরু হওয়া মেলাটি চলবে ৫ মে ২০২৬ পর্যন্ত। আজ শনিবার ছিল সরাসরি উপস্থিত হয়ে অভিভাবকদের পরামর্শ নেওয়ার সুযোগ। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।
ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ারে অংশ নিয়েছে ফ্রোবেল প্লে স্কুল, ফ্রোবেল একাডেমি, ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, উইটন ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল এবং হেইলিবেরি ভালুকা ইত্যাদি।