রাস্তায় হাঁটার সময় ইটভাঙার গাড়ির ধাক্কা, হাসপাতালে মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর বনশ্রী এলাকায় ইটভাঙার কাজে ব্যবহৃত একটি গাড়ির ধাক্কায় আহত হওয়ার পর হাসপাতালে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গতকাল রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ওই ব্যক্তির নাম কাজী নজরুল আমিন (৫৪)। তাঁর বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাথানিয়া গ্রামে। বাবার নাম আবদুল গণি। তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে রামপুরার বনশ্রী এলাকায় থাকতেন। তিনি একটি ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক সারওয়ার খান বলেন, গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বনশ্রী এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন নজরুল আমিন। এ সময় ইটভাঙার একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।