প্রকৃতি বিনাশী যে ভয়ংকর তৎপরতা চলছে, তা প্রতিরোধ করতে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে। তাদের জাগিয়ে তুলতে হবে। প্রকৃতিকে রক্ষা করা মানেই দেশ রক্ষা করা। সমাজ রক্ষা করা। সামগ্রিকভাবে মানুষেরই অস্তিত্ব রক্ষা করা। কাজেই নিজেরা সুস্থ সুন্দরভাবে বাঁচতে চাইলে প্রকৃতি বিনাশী তৎপরতা রুখেই হবে। এর বিকল্প নেই।
শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে মানুষের আগ্রাসী ও লোভী মনোভাব থেকে প্রকৃতিকে বাঁচানোর এই তাগিদের কথা আবারও জোর দিয়ে বললেন নিসর্গপ্রেমীরা। এখানে ছিল প্রকৃতিবিষয়ক লেখক মোকারম হোসেনের পরিবেশবিজ্ঞান শাখায় ২০২২ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আনন্দ-অনুষ্ঠান। আয়োজন করেছিল নিসর্গবিষয়ক সংগঠন তরুপল্লবের আনন্দ-উদ্যাপন কমিটি। নিসর্গী অধ্যাপক দ্বীজেন শর্মা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, মোকারম হোসেন এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেণ্য শিল্পী হাশেম খান। আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি প্রাবন্ধিক মফিদুল হক, পাখিবিশেষজ্ঞ ও অভিযাত্রী ইনাম আল হক, লেখক ফারুক মঈদুদ্দিন, কথাশিল্পী ও মনোচিকিৎসক মোহিত কামাল ও সাবেক বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ।
অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রসংগীত ‘আকাশ ভরা সূর্য তারা দিয়ে। ’মোকারম হোসেনের জীবন ও কর্ম নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরে তার শংসাপত্র পাঠ করেন শাকিলা মতিন। অনুষ্ঠানের সভাপতি ও অতিথিরা মোকারম হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন ও উত্তরীয় পরিয়ে দেন। এরপর প্রয়াত নিসর্গী দ্বীজেন শর্মার স্ত্রী দেবী শর্মাসহ কবি, সাহিত্যিক, নিসর্গ অনুরাগী ও মোকারম হোসেনের সুহৃদ শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা জানান। সঞ্চালনা করেন সুজন বড়ুয়া।
আলোচনা পর্বে বক্তারা বলেন, মোকারম হোসেন দীর্ঘকাল উদ্ভিদ ও প্রকৃতি বিষয়ে কেবল একাগ্রচিত্তে লেখালেখি করেই নিজ কর্তব্য শেষ করেননি। দ্বীজেন শর্মা, ড. নওয়াজেশ আহমেদ,বিপ্রদাস বড়ুয়ারা যে কাজ শুরু করেছিলেন তার উত্তরসূরি হিসেবে তিনি গভীর নিষ্ঠায় মানুষকে প্রকৃতি বিষয়ে সচেতন করে তুলতে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তরু-পল্লব সংগঠনের মাধ্যমে রাজধানীতে তিনি নিয়মিত গাছ চেনার অনুষ্ঠান আয়োজন করছেন। ‘প্রকৃতি পত্র’ নামে পত্রিকা প্রকাশ ও বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করার মতো নানা কাজ করে চলেছেন।
বক্তারা বলেন, যেভাবে বন, নদী, ফসলি, ফসলি জমি ধ্বংস করা হচ্ছে, তাতে আমাদের প্রকৃতি এখন মারাত্মকভাবে বিপন্ন হওয়ার ঝুঁকিতে পড়েছে। প্রকৃতিকে বাঁচাতে হলে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে।
মোকারম হোসেন তার প্রতিক্রিয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন এই পুরস্কার প্রাপ্তি তাঁর কাজের প্রতি তাঁকে আরও অনুপ্রাণিত করে তুলবে।