
রাজধানীর সিদ্দিকবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আজ মঙ্গলবার সকাল নয়টার পর থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ভবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বড় ধরনের তৎপরতা তাঁরা শুরু করতে পারছেন না। আর মূল ক্ষতিগ্রস্ত সাত তলা ভবনের বেসমেন্টে পানি জমে গেছে। এখন তা সেচে ফেলার কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। বিধ্বস্ত ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজের জন্য ভেতরে ঢুকতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ আবার শুরু হলো উদ্ধারের কাজ। এর অনেক আগে থেকেই দুর্ঘটনা স্থলে এসে পৌঁছেন নিখোঁজ একাধিব ব্যক্তির স্বজনেরা।
সকাল সোয়া নয়টার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা প্রথম আলোকে বলেন, ‘আমরা বড় ধরনের তৎপরতা শুরু না করলেও কাজ শুরু করেছি। ভবন ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বেসমেন্টে দেখা গেছে পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে। সেখানে বড় ধরনের তৎপরতা শুরু করলে ক্ষতি হয়ে যেতে পারে।’
আজ সেনবাহিনীর একটি দল এসে ঝুঁকিপূর্ণ ভবনের সুরক্ষার কাজ করবে বলে জানান দিনমনি শর্মা। গতকালের বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। অপরদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানিয়েছেন, সেখানে আহত ১০ জন চিকিৎসা নিচ্ছেন।
গতকাল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে একে একে চলে যায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। শুরু হয় উদ্ধার তৎপরতা। রাত পৌণে ১১টার দিকে উদ্ধারকাজে বিরতি দেয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র বলছে, সাত তলা ভবেনর বেসমেন্টে মূল বিস্ফোরণ ঘটেছে বলে তাঁদের ধারণা। সেখান আজ পানি জমে গেছে বলে জানান দিনমনি শর্মা। তিনি প্রথম আলোকে বলেন, ‘বেসমেন্টে সম্ভবত পানি ধরে রাখার জায়গা ছিল। সেটা নষ্ট হয়ে পানি ছড়িয়ে পড়েছে। সেটা এখন পরিস্কার করার কাজ শুরু হয়েছে।’