
রাজধানীর পুরান ঢাকায় মাজেদ সরদার লেনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন প্রায় ১২ কাঠা (১৮ দশমিক ৭৬ শতক) জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। সোমবার দিনভর অভিযান চালিয়ে ওই জমি দখলমুক্ত করেন ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৮৭ সালে করপোরেশন কাছ থেকে ১০ দশমিক ৯৭ শতক জমি লিজ নিয়ে ওই জায়গায় বেসরকারি প্রতিষ্ঠান ইউসেফ একটি স্কুল পরিচালনা করে আসছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত বছর ইউসেফ সেখান থেকে তাদের স্কুল অন্য জায়গায় স্থানান্তর করে।
পরবর্তী সময়ে কিছু স্থানীয় দখলদার সেখানে একটি অস্থায়ী কাঁচাবাজার, ৮ শতক জমিতে ‘আশার আলো’ নামের একটি ক্লাব ও একটি অবৈধ পলিথিন কারখানা গড়ে তুলেছিলেন। অভিযান চালিয়ে ওই জমির অবৈধ সব স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।
অভিযানের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মাজেদ সরদার লেনে সিটি করপোরেশনের এই জমির আশপাশের কিছু দখলদার কাঁচাবাজার প্রতিষ্ঠাসহ আরও কিছু সেমি পাকা অবকাঠামো নির্মাণ করে দখলের পাঁয়তারা করছিলেন। মেয়রের নির্দেশনায় এই জমি দখলমুক্ত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরান ঢাকার মাজেদ সরদার লেনের ওই জমি ঢাকা দক্ষিণ সিটির ৩৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন। অভিযানে স্থানীয় কাউন্সিলর আওয়াল হোসেন উপস্থিত ছিলেন।