
স্ত্রী-সন্তানদের সঙ্গে ঈদ করা হলে না পাম্প অপারেটর এম এ মতিন সরকারের (৪৫)। আজ বুধবার সকালে ঈদের বাজার করে বাসায় ফেরার সময় যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে দুই বাসের মাঝে চাপা পড়েন তিনি। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
মতিন নরসিংদীর পলাশ বিদ্যুৎকেন্দ্রের পাম্প অপারেটর ছিলেন। পুলিশ সূত্র জানায়, মতিন সপরিবার সায়েদাবাদে সড়ক ও জনপথ মোড়সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মতিনের শ্যালক আরাফাত হোসেন প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে মতিন ঈদের কেনাকাটা করতে যাত্রাবাড়ী বাজারে যান। সেখান থেকে ফেরার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে কোমরে গুরুতর আঘাত পান। পরে বাজার নিয়ে বাসায় ফিরে তিনি হোমিও ওষুধ সেবন করেন। সন্ধ্যার দিকে তাঁর অবস্থার অবনতি হলে বাসা থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে জানান, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ রাতে যোগাযোগ করা হলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল আলম প্রথম আলোকে বলেন, মতিনকে চাপা দেওয়া বাস দুটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
মতিন সরকারের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলায়। মতিনের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।