পুরানা পল্টনে নির্মাণাধীন ১৮তলা ভবনের অনুমোদন বাতিল

রাজধানীর পুরানা পল্টনে ১৮ তলা এই নির্মাণাধীন এই ভবনের অনুমোদন বাতিল করেছে রাজউক
ছবি: প্রথম আলো

রাজধানীর পুরানা পল্টনে নির্মাণাধীন একটি ১৮ তলা  ভবনের অনুমোদন বাতিল করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। ঢাকা জেলা প্রশাসনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য-উপাত্ত যাচাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার ঢাকা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। ঢাকা জেলা প্রশাসন বলছে, পুরানা পল্টনে ১ নম্বর হোল্ডিংয়ের প্রায় ২৬ কাঠা জায়গায় নির্মাণ করা হচ্ছিল ১৮ তলা ভবনটি। এটি সরকারের পরিত্যক্ত সম্পত্তি। ঢাকা মহানগর জরিপ অনুযায়ী, জমিটির ১২ দশমিক ৭৯ শতাংশ খাসজমি।

শিবলী সাদিক বলেন, রাজধানীতে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি সম্পত্তি উদ্ধারে গত ছয় মাস আগে উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বিভিন্ন রেকর্ড পর্যালোচনা করে ১ নম্বর পুরানা পল্টনে একটি বাড়ির তথ্য সামনে আসে। সেখানে সরকারের বিভিন্ন দপ্তরকে অন্ধকারে রেখে একটি আবাসন প্রতিষ্ঠান ১৮ তলা ভবনটি নির্মাণ করছিল। জালিয়াতি ও প্রতারণার দায়ে ভবনটির অনুমোদন বাতিল করেছে রাজউক। সরকারি এ সম্পত্তি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রথম আলোকে বলেন, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে যেসব চক্র সরকারের মূল্যবান সম্পত্তি ভোগদখল করছে, তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে। এসব চক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদের উচ্ছেদ করা হবে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।