ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার

ঈদযাত্রায় লক্কড়ঝক্কড় বাস নামালে কঠোর ব্যবস্থা: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

ঈদযাত্রায় লক্কড়ঝক্কড় বাস নামালে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, যাত্রীদের দুর্ভোগ সহ্য করা হবে না। বাস বা গাড়ি সড়কে দাঁড়িয়ে যানজট সৃষ্টি করতে পারবে না।

হুঁশিয়ারি উচ্চারণ করে ডিএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এটি যাঁরা করবেন, তাঁদের বিরুদ্ধে জরিমানাসহ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ঈদের সময় অন্যান্য বিষয় কম দেখা হবে। সঙ্গে কাগজপত্র আছে কি না, এই বিষয়গুলো কম দেখা হবে। তবে লক্করঝক্কড় বাস চলাচলের বিষয়টি কঠোরভাবে দেখা হবে।

আজ শনিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ, হয়রানি ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক–শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মো. সরওয়ার এ কথা বলেন। গাবতলী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ সভার আয়োজন করে। জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস সভায় প্রধান অতিথি ছিলেন।

পরিবহন ও মালিক–শ্রমিকদের উদ্দেশে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদের ছুটিতে এক কোটির বেশি মানুষ ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাবেন। অন্যদিকে ২০ থেকে ২৫ লাখ অন্য জেলা থেকে ঢাকায় আসবেন। এ ব্যবস্থাপনাকে সহজ ও নিরাপদ করার জন্য কাজ করতে হবে। এ ব্যবস্থাপনাকে সুন্দর করতে হবে। পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা সর্বাত্মক সহায়তা করবে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, গত দুটি ঈদে ঢাকায় কোনো যানজট ছাড়া মানুষ বাড়ি যেতে পেরেছেন। সুন্দরভাবে কাজটি করা সম্ভব হয়েছে। যাত্রা নির্বিঘ্ন করতে এবারও সরকার মূল কাজটি করে দিয়েছে। সরকার ১৮ মার্চ ছুটি দিয়ে চাপ কমিয়ে দিয়েছে।

সভায় শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পরিবহন খাতে নানা ধরনের অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি ও যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। জনগণের স্বার্থ রক্ষায় এসব অনিয়ম কঠোরভাবে দমন করে একটি সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, আন্তজেলায় চলাচল করা গাড়ি যখন দূরপাল্লার গাড়ি হিসেবে ব্যবহার হয়, তখনই সমস্যার সৃষ্টি হয়। কোনো গাড়ি রাস্তায় বিকল হয়ে গেলে বা ব্রিজের ওপর হঠাৎ বন্ধ হয়ে গেলে বিরাট ভোগান্তির তৈরি হয়। অতি পুরোনো গাড়ি যেন রাস্তায় নামানো না হয়।

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান বলেন, বিআরটিএর তালিকায় যে ভাড়া উল্লেখ আছে, এর বাইরে এক পয়সাও বেশি ভাড়া কেউ আদায় করতে পারবে না। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে, তাহলে পুলিশকে জানাবেন। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় ঢাকা পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।