
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, কোনো বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে ওই নির্বাচনকে পুরোপুরি অংশগ্রহণমূলক বলা যাবে না। আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির মতো বড় রাজনৈতিক দল নির্বাচনে না এলে সে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে নির্বাচন কমিশন মনে করে কি না, এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, নির্বাচন কমিশনে (ইসি) এখন ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। সব দল নির্বাচনে অংশ নিলে সেটা অংশগ্রহণমূলক নির্বাচন।
মো. আলমগীর বলেন, বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত কোনো নির্বাচনেই সব দল অংশ নেয়নি। ১৯৭০ সালের নির্বাচনেও সব দল অংশ নেয়নি। এই নির্বাচনগুলো অংশগ্রহণমূলক ছিল না, এমনটা বলা যাবে না। দুই–একটা দল অংশ না নিলে সেটা অংশগ্রহণমূলক নির্বাচন নয়, এটা বলা যাবে না। তবে বড় দল অংশ না নিলে সে নির্বাচনকে পুরোপুরি অংশগ্রহণমূলক বলা যাবে না।
এক প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা, না করা রাজনৈতিক দলের নিজস্ব বিষয়। এখানে ইসির কিছু করার থাকে না। ইসি জোর করে কাউকে নির্বাচনে আনতে পারে না। পরপর দুবার কোনো দল নির্বাচনে অংশ না নিলে ইসি তাদের নিবন্ধন বাতিল করতে পারে।
বিএনপি সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা ইসির আমন্ত্রণে সাড়া দেবে না, ইসির চিঠির জবাবও দেবে না। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মো. আলমগীর বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ইতিমধ্যে বলেছেন তাঁরা বিএনপির কাছ থেকে লিখিত উত্তর আশা করছেন। বিএনপি জবাব দিতে পারে, না–ও দিতে পারে। একটা সময় পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন।
ইসির পরবর্তী পদক্ষেপ কী হবে, এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, কমিশন বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।