
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও গণহত্যা বন্ধের দাবিতে রাজধানীর আফতাবনগর এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছেন বিভিন্ন কলেজ–বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। আজ সোমবার বেলা সাড়ে তিনটায় আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
এ সময় বিক্ষোভকারীরা ‘আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘ইসরায়েলের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘বিশ্বের মুসলিম, এক হও এক হও’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলটি রামপুরা, ওয়াপদা ও বাড্ডা সড়ক ঘুরে পুনরায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে আসে। বিক্ষোভ সমাবেশ থেকে ওআইসিভুক্ত ৫৭টি মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। আজকে তারা ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালাচ্ছে। পাঁচ থেকে দশ বছর পরে তারা বড় মুসলিম দেশগুলোকেও আক্রমণ করবে। অবিলম্বে নেতানিয়াহু প্রশাসনের বিচার নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন আফতাবনগর, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মেরাদিয়া, ত্রিমোহনী, নন্দীপাড়াসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ লোকজন।
সমাবেশে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকিব হাসান বলেন, ‘আমরা যুদ্ধবিরতি চাই না। ফিলিস্তিনি ভাইদের ওপর আর একটি বুলেট ও বোমা যেন আক্রমণ করতে না পারে, আমরা সেই নিশ্চয়তা চাই। ফিলিস্তিনের রক্তের ওপর ব্যবসা হচ্ছে। আমরা এটা বন্ধ চাই। মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান, কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।’
স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ইফতেখার হোসেন মাহি বলেন, ‘মুসলিম রাষ্ট্রগুলোকে আমরা ঘুম থেকে জেগে ওঠার আহ্বান জানাই। আজ যদি ফিলিস্তিন না থাকে তাহলে একদিন বড় মুসলিম দেশগুলোর ওপরও আক্রমণ হবে। বিশ্বের মোড়লেরা মানবাধিকারের কথা বলে, কিন্তু তারা কৌশলে ধোঁকা দেয়। ইসরায়েলি বর্বরতা যদি মানবাধিকার লঙ্ঘন না হয়, তাহলে মানবাধিকার বলতে আর কিছু থাকে না।’