
রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক মুহম্মদ জাহাঙ্গীর আলমকে চার সপ্তাহের মধ্যে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় এ সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার ও হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
আগাম জামিন চেয়ে জাহাঙ্গীর আলমের করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ১২ এপ্রিল হাতিরঝিল থানায় পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে জাহাঙ্গীর আলমসহ ২১ জনের বিরুদ্ধে মামলাটি করে। জাহাঙ্গীর আলম সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) বিশেষ প্রতিনিধি।
মামলায় আজ হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করেন জাহাঙ্গীর আলম। আদালতে জাহাঙ্গীরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস ও ফরহাদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শাহ নেওয়াজ।
পরে আইনজীবী ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, মামলার এজাহারে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, এমন যুক্তিতে মূলত আগাম জামিন চাওয়া হয়। হাইকোর্ট জাহাঙ্গীর আলমকে চার সপ্তাহের মধ্যে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন।
মামলা প্রত্যাহারের দাবি ডিআরইউর
জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিট (ডিআরইউ)। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঈনুল আহসান এক বিবৃতিতে আজ এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে ডিআরইউ নেতারা অবিলম্বে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। নেতারা বলেছেন, সাংবাদিক সমাজ শুরু থেকেই বলে আসছে, ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। সাংবাদিকেরা এই আইনের অপপ্রয়োগের শিকার হচ্ছেন। এই আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে।
বিবৃতিতে জাহাঙ্গীর আলমের বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে তিনি দাবি করেন, যে অভিযোগে তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইনে হাতিরঝিল থানার মামলায় জড়ানো হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
জাহাঙ্গীর আলম বলেন, একজন সাংবাদিক হিসেবে তিনি সব সময় দায়িত্বশীলতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেন। তিনি মনে করেন, কোনো স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই এ ধরনের মামলায় তাঁকে জড়িয়েছে।