
রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ। তাঁর নাম মো. মাহিম (১৮)।
আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে দুর্ঘটনাটি ঘটে। তিনি মুগদার মানিকনগরে মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পুলিশ জানায়, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মালিবাগ রেলক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় মাহিম কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, মাহিম ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পান। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
এসআই সাদ্দাম বলেন, মাহিমের সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি গ্রামে। তাঁর বাবার নাম নাসির উদ্দিন। মাহিম এ বছর ঝালকাঠির একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার পর তিনি মুগদার মানিকনগরে মামার বাসায় বেড়াতে এসেছিলেন। তিনি মালিবাগ রেলক্রসিং এলাকায় কেন গিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।