সিদ্দিকবাজারের বিস্ফোরণ

দায়িত্বপ্রাপ্তদের গাফিলতি থাকলে ব্যবস্থা নিতে হবে

মেজর (অব.) শাকিল নেওয়াজ
মেজর (অব.) শাকিল নেওয়াজ

সিদ্দিকবাজারের বিস্ফোরণ তিনভাবে ঘটতে পারে। এগুলো হলো প্রাকৃতিক কারণ, অবহেলার কারণে দুর্ঘটনা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতা ঘটানো। তবে বাংলাদেশে প্রাকৃতিক কারণে এমন দুর্ঘটনার নজির নেই। ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা বা দোষের কারণে এমন অনেক ঘটনা ঘটেছে। এখানেও এমনটা ঘটতে পারে। আমাদের দেশে মাটির নিচে প্রচুর পরিমাণে পচনশীল জিনিস বা ময়লা জমা করা হয়। পানির ট্যাংক থাকে মাটির নিচে। পয়োনিষ্কাশনের লাইন থাকে। সেখানে মিথেন গ্যাস উৎপন্ন হয়। আবার বাসাবাড়িতে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাসেও মিথেন গ্যাস থাকে। মিথেন গ্যাস রংহীন এবং গন্ধ নেই। কোনো বদ্ধ জায়গায় মিথেন গ্যাস জমা হলে সেখানে সামান্য স্পার্ক হলেই বিস্ফোরণ ঘটে। বায়ুমণ্ডলের বাতাসে মিথেন গ্যাসের উপস্থিতি ৫ থেকে ১৪ শতাংশ হলে সেটি ঝুঁকিপূর্ণ। সেখানে স্পার্ক হলেই বিস্ফোরণ হবে।

পুরান ঢাকার বিভিন্ন আবাসিক ভবনে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল মজুত করা হয়। সেখান থেকেও বিস্ফোরণের নজির রয়েছে অনেক। ঠিকমতো এসি রক্ষণাবেক্ষণ করা না হলে কম্প্রেসর গ্যাস ব্যবহার করা হলেও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

অবহেলাজনিত দুর্ঘটনা রোধে করণীয়

প্রথমত এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটলে সরকারের উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে প্রকৃতভাবে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করতে হবে। বাসাবাড়ি, কারখানায় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে কি না, সেটি তদারকির দায়িত্বে থাকা সংস্থাগুলো ঠিকমতো তদারক করেছে কি না, সেটি খুঁজে বের করতে হবে। সেখানে যদি কারও গাফিলতি থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। সরকারের পক্ষ থেকে বিষয়টি তদারক এবং নজরদারি করতে হবে।

পাশাপাশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বা কারখানা কর্তৃপক্ষ যারা আছে, তারা যখন ব্যবসার অনুমোদন নেয়, তখন অগ্নিনিরাপত্তা নিশ্চিত করেছে কি না, সেটি ওই কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। ভবনের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষকে বাধ্য করতে হবে সরকারকে। এ জন্য তৃতীয় কোনো প্রতিষ্ঠানকে বিষয়টি তদারক করার দায়িত্ব দেওয়া যেতে পারে। কোনো এলাকায় এ ধরনের ঘটনা ঘটলে তাদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা রেখে এমন দায়িত্ব দেওয়া যেতে পারে। তারা নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারক করে প্রতিবেদন দেবে।

এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। সবাইকে মাথায় রাখতে হবে, দুর্ঘটনা ঘটলে প্রথমত ভবনের মালিক, ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি হলে সেই ভবনের মালিক ক্ষতিগ্রস্ত হবেন। তাঁদের প্রাণহানি হবে, প্রতিষ্ঠান ধ্বংস হবে। তাই তাঁদের নিজেদেরই সচেতন হতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদেরও এ বিষয়ে ভূমিকা রাখতে হবে। এক বিষয়ে অনুমোদন নিয়ে অন্য কিছু করা হচ্ছে কি না, সেটিও তাঁরা তদারক করতে পারেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই বিষয়গুলো তদারক করতে পারে।

মেজর (অব.) শাকিল নেওয়াজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক (অপারেশনস)