কার্যকর সংসদই গণতন্ত্রকে অর্থবহ করে: স্পিকার

স্পিকার শিরীন শারমিন চৌধুরী
ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মধ্য দিয়ে গণতন্ত্রের ভিত রচনা করে সংসদ। সংসদ ছাড়া সংসদীয় গণতন্ত্র কখনোই কার্যকর হতে পারে না। কার্যকর সংসদই গণতন্ত্রকে প্রকৃতভাবে অর্থবহ করে।

আজ সোমবার জাতীয় সংসদে সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় অংশ নিয়ে স্পিকার এসব কথা বলেন। আজ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশন শেষ হয়। গত বৃহস্পতিবার থেকে এই অধিবেশন শুরু হয়ে চলে পাঁচ কার্যদিবস। ৭ এপ্রিল সুবর্ণজয়ন্তীর দিনে সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই দিন সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনার জন্য সংসদে একটি প্রস্তাব আনেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। এই প্রস্তাবের ওপর সংসদ নেতা শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ ৬৩ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। অধিবেশন শেষ হওয়ার আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনের ভাষণ নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র সংসদে দেখানো হয়।

এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, যেকোনো রাষ্ট্রব্যবস্থায় আইন প্রণয়নের কার্যক্রম আইনসভার ওপর ন্যস্ত থাকে। আইন প্রণয়নের পাশাপাশি সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সংসদের ভূমিকা গুরত্বপূর্ণ। সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ও বাস্তবায়ন, প্রত্যাশা পূরণ ও জীবন মান উন্নয়নে অবদান রাখে। সরকারের বিভিন্ন কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার ক্ষেত্রেও সংসদ কার্যকর ভূমিকা পালন করে।

১৯৭৫ সালের ১৫ আগস্টের আগপর্যন্ত জাতীয় সংসদ কার্যকর ছিল উল্লেখ করে স্পিকার বলেন, জাতীয় সংসদ ৫০ বছরের পথচলায় বিভিন্ন সময় পার করেছে কালো অধ্যায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা হত্যার পর সামরিক শাসন জারি করা হয়। সংবিধান লঙ্ঘন ও গণতন্ত্র পতিত হয় গভীর সংকটে। সামরিক ফরমানের মাধ্যমে সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়। গণতন্ত্র হয় অবরুদ্ধ। জাতির পিতার হত্যাকারীদের বিচারের ঊর্ধ্বে রাখার লক্ষ্যে কালো ইনডেমনিটি অধ্যাদেশটি জাতীয় সংসদে বৈধতা দেওয়া হয়, যা ছিল জাতীয় সংসদের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদে এ ঘটনা ঘটে। পরে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদে এটি বাতিল করা হয়, যা বঙ্গবন্ধু হত্যার বিচারে বাধা দূর করে।

নিজের বক্তব্যে বঙ্গবন্ধু হত্যার পর ১৯৮১ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রামের কথা তুলে ধরেন স্পিকার। শিরীন শারমিন চৌধুরী বলেন, সংবিধানের প্রস্তাব অনুযায়ী জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রই দেশের সংবিধানের মূল নীতি। সংবিধানের অন্যতম মূলনীতি গণতন্ত্র এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সব লক্ষ্য অর্জন। আর এ গণতন্ত্রের কেন্দবিন্দুতেই রয়েছে জাতীয় সংসদ। সংবিধানের আলোকে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে হবে।