
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আগামীকাল সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই সড়কে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেওয়া হবে। এই সময় জাতীয় সংসদ ভবনসংলগ্ন এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহন চলাচলের সম্ভাবনা থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সংসদ অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় সংসদ ভবনে আগমন করবেন। এ জন্য উড়োজাহাজ মোড়, খেজুরবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিংসংলগ্ন এলাকায় যানবাহনের চাপ বেশি হবে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন উড়োজাহাজ মোড়ে ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন সোজা মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে যেতে হবে।
এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খেজুরবাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন খেজুরবাগানে বাঁয়ে মোড় নিতে পারবে না। এসব যানবাহন ফার্মগেট হয়ে বিকল্প পথে গন্তব্যে যেতে হবে।
এদিকে উড়োজাহাজ মোড় থেকে খেজুরবাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।
ডিএমপির পক্ষ থেকে যানবাহন চালকদের সম্ভাব্য যানজট এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।