রাজধানীর মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত এলাকার সড়কে আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় পুলিশ
রাজধানীর মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত এলাকার সড়কে আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় পুলিশ

মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত ফুটপাত–সড়কে উচ্ছেদ অভিযান

পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করাসহ সড়কে যানজট এড়াতে ফুটপাত-রাস্তার অবৈধ দোকানপাট-স্থাপনা উচ্ছেদে রাজধানীর মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ।

আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়কের দুই পাশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ফুটপাত-রাস্তা দখল করে থাকা ছোট ছোট দোকান উচ্ছেদ করা হয়। মালামাল নিয়ে যাওয়া হয়।

এ ছাড়া সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা বেশ কয়েকটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। দোকানের সামনের ফুটপাতে বিভিন্ন জিনিসপত্র রাখায় কয়েকজন দোকানিতে জরিমানা করা হয়।

ফুটপাতে সিমেন্টের তৈরি বর্গাকার প্রতিবন্ধকতা রেখে পথচারী চলাচলে বাধা সৃষ্টিকারীদের শেষবারের মতো সতর্ক করে দেয় পুলিশ।

এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ প্রথম আলোকে বলেন, গত ২৩ মার্চ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। গণবিজ্ঞপ্তি পেয়ে অনেকে ফুটপাত-সড়ক থেকে সরে গেছেন। এরপরও যাঁরা রয়ে গেছেন, তাঁদের সতর্ক করা হয়েছে। কাউকে কাউকে জরিমানাও করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী রোমানা নাসরিন জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ফুটপাত-রাস্তা দখল করে থাকা দোকানপাট উচ্ছেদ শুরু করেছেন তাঁরা। এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

অভিযানের কিছুদিন পর আবার দোকানপাট বসে যায়, এ নিয়ে করা এক প্রশ্নের জবাবে রোমানা নাসরিন বলেন, ‘আমরা আবার উচ্ছেদ করব। এটি চলমান থাকবে।’