রাজধানীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তরুণের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর আফতাবনগরে বন্ধুদের সঙ্গে একটি জলাশয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে তামজিদ আহমেদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

তামজিদ নিউ ইস্কাটনে বিয়াম মডেল কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

শাহিল রহমান নামের তামজিদের এক বন্ধু প্রথম আলোকে জানান, তানজিমসহ চার বন্ধু মিলে তাঁরা আফতাবনগর এলাকায় যান। সেখানে ডোবার মতো একটি জায়গায় পানি দেখে তানজিম ও তিনিসহ তিনজন গোসল করতে নামেন। দুজন সাঁতার কেটে উঠলেও পানিতে ডুবে যান তামজিদ।

শাহিল বলেন, পরে তাঁরা ডোবা থেকে তুলে তানজিমকে বনশ্রীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, তামজিদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তিনি শান্তিবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তাঁর বাবা আইনজীবী বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, তামজিদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। তামজিদের পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিষয়টি খিলগাঁও থানা–পুলিশকেও জানানো হয়েছে।