ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমারের নিয়োগ স্থগিত

হাইকোর্ট
ফাইল ছবি

ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক পদে উত্তম কুমার রায়ের চুক্তিভিত্তিক নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রিট আবেদনকারী পক্ষ জানায়, গত ১৮ জানুয়ারি উত্তম কুমার রায়কে এক বছরের জন্য ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর বৈধতা নিয়ে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন ১৫ মে রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

পরে আইনজীবী হুমায়ন কবির পল্লব প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি প্রবিধানমালায় বাণিজ্যিক ব্যবস্থাপকসহ অন্যান্য পদে নিয়োগের প্রক্রিয়া বলা আছে। পদোন্নতি, পদোন্নতি যোগ্য, প্রেষণে বা সরাসরি নিয়োগের কথা বলা আছে। প্রবিধানে চুক্তিভিত্তিক বাণিজ্যিক ব্যবস্থাপক নিয়োগের কোনো সুযোগ নেই। যে কারণে রিটটি করা হলে আদালত রুলসহ ওই আদেশ দেন। রুলে উত্তম কুমার রায়ের নিয়োগ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।