শতভাগ সুষ্ঠু ভোট ইভিএমেও পুরোপুরি সম্ভব নয়, ব্যালটেও নয়: সিইসি

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, শতভাগ সুষ্ঠু ভোট নিশ্চিত করা ইভিএমেও যেমন পুরোপুরি সম্ভব নয়, ব্যালটেও পুরোপুরি সম্ভব নয়। সিইসি বলেছেন, প্রধান দলগুলো অংশগ্রহণ করবে কি করবে না, সেটাই নির্বাচনের বড় চ্যালেঞ্জ।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে এসব কথা বলেন সিইসি।

এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘শতভাগ সুষ্ঠু ভোট নিশ্চিত করা ইভিএমেও যেমন পুরোপুরি সম্ভব নয়, ব্যালটেও পুরোপুরি সম্ভব নয়। বিষয়টা আপেক্ষিক হতে পারে। অধিকতর ভালো। যেটা আমরা সব সময় বিশ্বাস করেছিলাম যে ব্যালটের চেয়ে ইভিএমে ভোটটা অনেক বেশি নিরাপদভাবে গ্রহণ করা সম্ভব হয় যান্ত্রিক কারণে। কাজেই শতভাগ নিশ্চিত করার কথা আমি বলতে চাচ্ছি না।’

ইভিএম ছাড়া নির্বাচন চ্যালেঞ্জ হয়ে উঠবে কি না, এমন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইভিএম, ব্যালট কিন্তু আমাদের নির্বাচনের মোটেই বড় চ্যালেঞ্জ নয়। আমাদের নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, যে রাজনৈতিক সংকট বিরাজ করছে, প্রধান দলগুলো অংশগ্রহণ করবে কি করবে না, সেটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ। ইভিএম সংশ্লিষ্ট শুধু পোলিং প্রসেসের (নির্বাচনী প্রক্রিয়া) সঙ্গে। আর নির্বাচনে যদি বড় দলগুলো একেবারেই অংশগ্রহণ করল না, নির্বাচনের লিগালিটি নিয়ে কোনো সংকট হবে না, কিন্তু লেজিটিমেসি শূন্যের কোটায় চলে যেতে পারে।’

গত সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ভোট কাগজের ব্যালটে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ইভিএম থেকে চাপে সরে এসেছে কি না, এমন প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএম থেকে আমরা সরেছি মাত্র সেদিন। এটা নিয়ে কিছু কিছু সংশয় বাজারে দেখা দিয়েছে। সেটি হলো এটা কী চাপে করা হলো, নাকি ওটা করা হলো। এটা নিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি। ইভিএম নিয়ে কোনো একটি দলের আশা ছিল ৩০০টি আসন। সবকিছু শুনে আমরা সিদ্ধান্ত নিলাম, ইভিএমে আমরা ১৫০টি আসনে ভোট করব।’

সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘এ জন্য ৯ হাজার কোটি টাকার একটা প্রকল্প দিয়েছিলাম। উদ্ভূত যে পরিস্থিতি যুদ্ধ থেকে, বিশ্বময় যে আর্থিক সংকট দেখা দিয়েছে, ৯ হাজার কোটি টাকা দিয়ে ১৫০ আসনে নির্বাচন করার যে প্রকল্প নিয়েছিলাম, ২ লাখ নতুন ইউনিট কেনার, সেটাতে সরকার এগ্রি (অনুমোদন না দেওয়া) করতে পারেনি।’

এরপর আরও একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছিল উল্লেখ করে সিইসি বলেন, ‘আমরা যদি ৮০ থেকে ৯০টা আসনেও নির্বাচন করতে পারি, এ জন্য ১২০০ কোটি টাকার প্রস্তাব পাঠাই। সেখানে বলা ছিল, ৪০ হাজার মেশিন নষ্ট হয়ে গেছে, বাকি যে ১ লাখ ১০ হাজার আছে, সেগুলো যদি আমরা মেরামত করে নিতে পারি। সেটাও এগ্রি করতে পারেনি সরকার। তখন আমরা দেখলাম ২৫ থেকে ৩৫টি আসনে নির্বাচন করার মতো ইভিএম।’  

সিইসি বলেন, ‘আমাদের মধ্যেও আমরা দ্বিধাবিভক্ত হলাম। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা করলাম। আমাদের দুজন কমিশনার বললেন, ২৫ থেকে ৩০টা আসনে আমরা নির্বাচন করে ফেলি।

আমরা দেখলাম ওদের লাইফটাইম শেষ হয়ে আসবে। একটা অনিশ্চয়তা, দোদুল্যমানতা আমাদের মধ্যে কাজ করেছে। আমি নিজেও তখন এর পক্ষে ছিলাম না। আমরা তাহলে আর ইভিএমেই যাব না।

আমাদের আরও দুজন সহকর্মী ইভিএমের পক্ষে থাকেননি। দীর্ঘ সময় আলাপ–আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এটা সম্পূর্ণভাবে আমাদের সিদ্ধান্ত। বাজারে বলা হয়, এটা কারও চাপে করা হয়েছে কি না। বা বিএনপিকে নির্বাচনে আগ্রহী করার জন্য করা হয়েছে কি না। ওই ধরনের কোনো চিন্তা আমাদের মধ্যে কাজ করেনি।’