
ফাল্গুনের বিদায়বেলায় সারা দিন ভ্যাপসা গরমের পর সন্ধ্যায় শিলাবৃষ্টি হয়েছে ঢাকায়। আজ শুক্রবার সন্ধ্যার পর ঢাকায় শিলাবৃষ্টি শুরু হয়। শুরুর দিকে বৃষ্টির তীব্রতা থাকলেও রাত ৯টার দিকে কমে আসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ের মধ্যে অর্থাৎ আড়াই ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টি জনজীবনে স্বস্তি আনলেও ঈদ সামনে রেখে খোলা জায়গায় নানা পণ্য নিয়ে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তা কিছুটা সমস্যা তৈরি করে। বৃষ্টিতে অমর একুশে বইমেলার অনেকগুলো স্টলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির প্রথম আলোকে বলেন, এ সময়টা বর্ষার আগের সময়। এ সময় তাপমাত্রা ও আর্দ্রতা বেড়ে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটায়। তিনি বলেন, বর্ষার আগে এ রকম বৃষ্টিপাত হওয়াটা স্বাভাবিক। ১৫ থেকে ১৬ মার্চের দিকে এ রকম বৃষ্টি আরেক দফা হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয় বুলেটিনে। তাতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটার প্রভাবে বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোর জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফেনী জেলায়।