রাজধানীর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের ভবনে ছিঁড়ে পড়া সেই লিফট। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত অংশটি দেখছেন ভবনের বাসিন্দারা। ২ অক্টোবর ২০২৬
রাজধানীর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের ভবনে ছিঁড়ে পড়া সেই লিফট। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত অংশটি দেখছেন ভবনের বাসিন্দারা। ২ অক্টোবর ২০২৬

রাজধানীর পাইকপাড়ায় সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩

রাজধানীর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে পড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে পাইকপাড়া আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তাঁর ছেলে ওয়াসী (৮)।

যোগাযোগ করা হলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সকালে আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে ওপর থেকে নিচে পড়ে। এতে ওই লিফটে থাকা শিশুসহ ভবনটির তিনজন বাসিন্দা আহত হন। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি বাদে অন্য দুজনের অবস্থা গুরুতর।

দারুসসালাম থানা পুলিশ ও ভবনটির বাসিন্দারা জানান, ফজরের নামাজের পর আজ সকালে ভবনটির তিন বাসিন্দা পঞ্চম তলা থেকে লিফটে করে নিচে নামছিলেন। একপর্যায়ে চতুর্থ তলায় লিফটের কেব্‌ল ছিঁড়ে গেলে লিফটটি নিচে পড়ে যায়। এতে ভবনটির বাসিন্দা মোস্তাফিজুর রহমান, নাইস আহমেদ ও তাঁর ছেলে ওয়াসী আহত হন। তাঁদের পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

ভবনটির এক বাসিন্দা জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার তিন বাসিন্দা লিফটে উঠেছিলেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে পড়ে। শব্দ শুনে দারোয়ান সেখানে গিয়ে লিফটের ভেতরে চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

লিফটটি দীর্ঘদিন ধরে ত্রুটিযুক্ত বলে অভিযোগ করেন বাসিন্দারা। ওই আবাসন প্রকল্পে মোট আটটি ভবন রয়েছে, যেখানকার অধিকাংশ ভবনের লিফটের অবস্থাই ভালো নয়।

আরেকজন বাসিন্দা সাংবাদিকদের বলেন, ‘তাদের ফোন করলে বা চিঠি লিখলে আইসা তেল দিয়ে বা পানি দিয়ে মুছে বলে সার্ভিসিং করে দিয়েছি। আসলে এখানে প্রকৃত সার্ভিসিং করা হয় না।’