কলেজছাত্রের বাসায় ছাত্রীর মরদেহ

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর সূত্রাপুরে শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের উচ্চমাধ্যমিকের এক ছাত্রী খুন হয়েছে। তার নাম আফছানা আক্তার (১৭)। আজ শনিবার দুপুর ১২টার দিকে খুনের ঘটনা ঘটে।

এদিকে আফছানা আক্তারকে খুন করার অভিযোগে রাজধানীর উদয়ন কলেজের উচ্চমাধ্যমিকে পড়ুয়া এক কলেজছাত্রকে আটক করেছে সূত্রাপুর থানার পুলিশ। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম।

ওসি মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আফছানা আক্তার আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সূত্রাপুরের সিংটোলায় উদয়ন কলেজছাত্রের ভাড়া বাসায় আসে। তারা পূর্বপরিচিত। তাদের মধ্যে সম্পর্ক ছিল। এর জের ধরে আফছানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সূত্রাপুর থানার ওসি আরও বলেন, আফছানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে পাঠানো হচ্ছে। আফছানা বাবা-মায়ের সঙ্গে কলতাবাজারে বসবাস করত। আর আফছানা খুনে জড়িত সন্দেহে আটক কলেজশিক্ষার্থী বাবা-মায়ের সঙ্গে সিংটোলার ভাড়া বাসায় বসবাস করত।