জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী

বিতর্ক যুক্তি দিয়ে দেখতে শেখায়

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সঙ্গে অতিথিরা। গতকাল লক্ষ্মীবাজারে
ছবি: খালেদ সরকার

সমৃদ্ধ দেশ গড়তে সুন্দর মানুষ প্রয়োজন। সেই মানুষ, যাঁরা যুক্তি-বুদ্ধি দিয়ে পরিস্থিতি বিবেচনা করতে জানেন। ভবিষ্যতের জন্য সেই মানুষেরাই প্রস্তুত হচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানে। এর মধ্যে যাঁরা বিতার্কিক, তাঁদের ভাবনা হয় আরও স্পষ্ট।

জেভেরিয়ান ডিবেটিং ক্লাব আয়োজিত চতুর্থ জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অতিথি-আলোচকদের বক্তব্যে উঠে এল এসব কথা।

শনিবার দুপুরে রাজধানীর লক্ষ্মীবাজারে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় এ সমাপনী অনুষ্ঠান। জাতীয় সংগীত ও প্রার্থনা সংগীতের সঙ্গে পায়রা উড়িয়ে শেষ পর্বের উদ্বোধন হয়। এ পর্বে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।

আনিসুল হক বলেন, বাংলাদেশের অনেক সমস্যার পেছনে আছে পরাজয় মেনে নিতে না পারার মানসিকতা। সবাই বিজয়ী হতে চায়। কিন্তু এই বিজয়ের জন্য যুক্তি, বুদ্ধি আর আবেগের ভারসাম্য তৈরি প্রয়োজন। এর বড় প্রক্রিয়া হতে পারে বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে।

এ সময় শিক্ষার্থীদের জন্য নানা পরামর্শ দেন আনিসুল হক। ‘দ্য আলকেমিস্ট’ বই থেকে ‘জ্ঞান’ প্রসঙ্গে একটি দর্শনের উল্লেখ করে তিনি বলেন, জীবন সবার জন্য সোনার মেডেল রেখে দিয়েছে। সে পর্যন্ত যেতে পরিশ্রম করতেই হবে শিক্ষার্থীদের। সবকিছুর সঙ্গে পরীক্ষার ভালো ফল কেন গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আলোচনা করেন তিনি।

সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিতর্ক ক্লাব প্রতিষ্ঠার স্মৃতিচারণা করেন বিশেষ অতিথি, বিতার্কিক ও টেলিভিশন উপস্থাপক আবদুন নূর তুষার। তিনি বলেন, স্বাধীনতার পর অনেক এগিয়েছে দেশ। ভর্তি পরীক্ষা, সাক্ষরতার হারসহ সবকিছুতে এগিয়েছে মেয়েরা। বিতর্ক প্রতিযোগিতায়ও আছে সে ছাপ। বিতর্ক যুক্তি দিয়ে বুঝতে শেখায়। বিতর্ক করতে হলে সব বিষয়েই জ্ঞান অর্জন করতে হয়।

সেন্ট জেভিয়ার্সের অধ্যক্ষ নীলু মৃ বলেন, বিতর্ক মানে সত্যের চর্চা ও কুসংস্কার থেকে দূরে থাকা। প্রতিযোগিতার সময় ভাষার ব্যবহারে সচেতন থাকার পরামর্শ দেন শিক্ষক জাহিদুল ইসলাম। এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ গ্রেসি গোমেজ, শিক্ষক জুলিয়ানা গোমেজ ও সুচিত্রা রোজারিও।

আলোচনার পর শুরু হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। ১৪ জুলাই শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে সারা দেশের মোট ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। পাঁচ ধাপ পেরিয়ে নির্বাচিত হন বিতার্কিকেরা। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল প্রথম আলো, কিশোর আলো, চ্যানেল আই, থ্রি অ্যাঞ্জেল মেরিন লিমিটেড, নেসবিডি ডটকম ও লেকচার পাবলিকেশনস।

সমাপনী অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন জেভেরিয়ান ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট লাবিবা খান ও ভাইস প্রেসিডেন্ট তৈয়বা প্রমি। সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড হয়েছে শনিবার সকালে। উন্মুক্ত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী কলেজ, ঢাকা। রানারআপ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। এ বিভাগে সেরা বিতার্কিক সাবিত মোহাম্মদ নেহাল।

স্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। রানারআপ ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল। এ বিভাগে সেরা বিতার্কিক নুসাইবা।
এ ছাড়া তিন বিতার্কিককে দেওয়া হয়েছে টুর্নামেন্ট–সেরার পুরস্কার। বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। সবশেষে দলবদ্ধভাবে ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।