
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই)’ এর তৃতীয় ধাপের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। গত রোববার সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়টির সভাকক্ষে এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মো. গোলাম সারওয়ার বলেন, ‘আইটিইইর কারিকুলামের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আইটি স্ট্র্যাটেজি ও আইটি ম্যানেজমেন্ট।’
গোলাম সারওয়ার বলেন, ‘আমার অফিসে কাকে কতটুকু গুরুত্ব দেব, আমার কৌশল কী হবে, ব্যবস্থাপনার পদ্ধতিই বা কেমন হবে; সেই বিষয়গুলো ঠিক করতে না পারলে আমি ভালো পারফরম্যান্স দেখাতে পারব না। আর আমার পারফরম্যান্সের ওপর নির্ভর করছে আমার কোম্পানির পারফরম্যান্স।’
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের জাপানসহ উন্নত দেশগুলোর তথ্যপ্রযুক্তি বাজারের উপযোগী করে তুলতে আইটিইই নামের এই বিশেষ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এসব দেশে পাঠানোর জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের জাপানের বাজারের উপযোগী দক্ষ করে তোলার প্রকল্প’ শিরোনামে একটি প্রকল্পে সহায়তা দিচ্ছে এই মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটির আর্থিক সহায়তায় ইস্টার্ন ইউনিভার্সিটির সিএসই বিভাগ থেকে মেধার ভিত্তিতে বাছাই করা ২০ শিক্ষার্থী সম্পূর্ণ বিনা মূল্যে এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারপারসন মুহাম্মদ মাহফুজ হাসান, এই বিশ্ববিদ্যালয়ের আইটিইই প্রশিক্ষণ কোর্সের সমন্বয়কারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান, জনসংযোগ পরিচালক সাজেদ ফাতেমী প্রমুখ।