মুঠোফোন না দেওয়ায় আদনানকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা

আদনান সাঈদ
ছবি: সংগৃহীত

ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিব ও তাঁর বন্ধু রাইয়ান গত রোববার রাত সাড়ে ৯টার দিকে চা–পান করতে বাসা থেকে বের হন। পরে সেখান থেকে বাসায় ফেরার পথে মিরপুর রোডসংলগ্ন শেখ জামাল মাঠের পূর্ব পাশে নার্সারির সামনে কয়েকজন ছিনতাইকারী তাঁদের ওপর চড়াও হয়। ছিনতাইকারীরা প্রথমে রাইয়ানকে মারধর করে মুঠোফোন কেড়ে নেয়। রাইয়ান সেখান থেকে দৌড়ে পালায়। পরে আদনানের মুঠোফোন চাইলে সে দিতে রাজি হননি। এরপর ছিনতাইকারীরা আদনানকে চাকু দিয়ে কাঁধের সামনে ডান পাশের ও বাঁ পায়ের ঊরুতে গুরুতর আঘাত করে মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম শাখায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।

ছিনতাইয়ের ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আদনানকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আদনানের মৃত্যু হয়। গতকাল সোমবার রাতে আদনানের পরিবার বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করে। পরে অভিযান চালিয়ে হত্যাকারীসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

হারুন অর রশীদ বলেন, ধানমন্ডি আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী আদনান সাঈদ রাকিব হত্যাকাণ্ডে মূল আসামিসহ তিনজন গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত রিকশা ও হত্যার কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ারের চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলো মো. ইকবাল (১৬), মো. সুমন ভুইয়া ওরফে বড় সুমন (২৫) ও মো. সুমন ওরফে কালু সুমন ওরফে ছোট সুমন (১৪)।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ঈদের পরপর ছিনতাইয়ের ঘটনা কিছুটা বেড়েছিল। এরপর ডিবি ও থানা–পুলিশ ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। অভিযানে আমরাই (ডিবি) প্রায় ১০০ জনের মতো ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি। কারওয়ান বাজার, ফার্মগেট ও রমনা এলাকার সব থেকে বড় যে ছিনতাইকারী সরদার কামরুলসহ অনেককে আমরা গ্রেপ্তার করেছি। মাঝেমধ্যে বিচ্ছিন্ন যে দু–একটা ঘটনা ঘটে, সেগুলোর যদি আমরা খবর পাই, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করি। এই ধরনের ঘটনা ঘটলে যেন থানা–পুলিশকে জিডি বা অন্য কোনোভাবে জানানো হয়। থানা–পুলিশ যদি রেসপন্স না করে, তাহলে ডিবিকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।’