ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত: গ্রেপ্তার ৩

আদনান সাঈদ
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আদনান সাঈদ রাকিব (১৮) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সোমবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার পুলিশ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে।

গতকাল রোববার রাত ১০টার ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন আদনান। তিনি ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ধানমন্ডির গ্রিন রোডের গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

এর আগে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানিয়েছিলেন, গতকাল বন্ধু রাইয়ানকে সঙ্গে নিয়ে ধানমন্ডির শেখ জামাল মাঠে গিয়েছিলেন আদনান। দুজনে মাঠের উত্তর পাশের ফুটপাতে চা খাচ্ছিলেন। তখন চার থেকে পাঁচ ছিনতাইকারী তাঁদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁরা বাধা দেন। তখন তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা আদনানের গলায় ছুরিকাঘাত করে মুঠোফোন নিয়ে পালিয়ে যান। এ সময় রাইয়ানের হাত জখম হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পরে তাঁদের উদ্ধার করে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আদনানের মৃত্যু হয়। রাইয়ান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।