
রাজধানীর বিজয় সরণি ক্রসিং। আজ বৃহস্পতিবার বিকেলে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মোক্তার হোসেনের মতো রাস্তায় ব্যস্ত দেখা যায় ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্যকে। তাঁদের লক্ষ্য, ইফতারের আগে নগরীর মানুষ যেন বাসায় পৌঁছে প্রিয়জনদের সঙ্গে ইফতার করতে পারেন। এটা করতে গিয়ে ওই পুলিশ সদস্যদের বাসায় ইফতার করা সম্ভব হয় না। পথেই ইফতার সারতে হয় তাঁদের।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আজ সন্ধ্যায় বিজয় সরণি ক্রসিংয়ে এই ট্রাফিক সদস্যদের সঙ্গে ইফতারে অংশ নেন। এর আগে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘ইফতারের জন্য সবাই বাড়ি ছুটছে। কিন্তু আমাদের ট্রাফিক পুলিশ রাস্তার মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছেন, যাতে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ইফতার করতে পারেন। তাঁরা ইফতারের সময়টাতেও অক্লান্ত পরিশ্রম করছেন। ইফতারের সময় এক হাতে পানির বোতল ও আরেক হাতে সিগন্যাল দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখছেন।’
ট্রাফিক পুলিশ সদস্যদের এ ভূমিকার প্রতি সম্মান জানিয়ে বিজয় সরণিতে তাঁদের সঙ্গে ইফতারে শরিক হয়েছেন ডিএমপি কমিশনার। এ সময় নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ট্রাফিক পুলিশের যে দোষত্রুটি দেখেন, তাঁদের অমানবিক পরিশ্রমের বিষয়টি মাথায় রেখে মানবিক দৃষ্টি থেকে দেখবেন।’
ঈদের নিরাপত্তার বিষয়ে ঢাকার পুলিশপ্রধান বলেন, প্রতিবছর রোজা ও ঈদে ডিএমপি বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়ে থাকে। ইতিপূর্বে ঢাকার সব ব্যবসায়ী ও পরিবহনমালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বিভিন্ন মার্কেট ও রাস্তায় পুলিশি নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। মানুষ নিরাপদে ঈদের কেনাকাটা এবং ঘরমুখী মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারবেন।
বিকেলে বিজয় সরণি ক্রসিংয়ে দায়িত্ব পালন করা ট্রাফিক কনস্টেবল মোক্তার হোসেন বলেন, নিজের দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের সঙ্গে ইফতার করতে না পারলেও দুঃখ নেই। ইফতারের আগে নগরীর মানুষ যেন বাসায় পৌঁছে প্রিয়জনদের সঙ্গে ইফতার করতে পারেন, সেটা ভেবেই সুখ পান তিনি। ইফতারের সময় ইফতার ও দায়িত্ব পালন, দুটি একসঙ্গে করেন তিনি। এতেই আনন্দই পান। মোক্তার বলেন, বন্ধের দিন তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করেন।
ইফতারের আগে ডিএমপি কমিশনার বিজয় সরণিতে পথশিশু ও নারীদের মাঝে ইফতার বিতরণ করেন। বিজয় সরণিতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে ইফতারে অংশ নেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) আবু রায়হান মো. সালেহ, ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার, ডিএমপির যুগ্ম কমিশনার (পরিবহন) লিটন কুমার সাহা, ডিএমপির মুখপাত্র মো. ফারুক হোসেন, ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক ও তেজগাঁও বিভাগের উপকমিশনার (ট্রাফিক) সাহেদ আল মাসুদ প্রমুখ।