
রাজধানীর ফকিরাপুলে ৯তলা একটি ভবনে গোলাম সারোয়ার (৬০) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
মতিঝিল থানা পুলিশ জানিয়েছে, আজ সকালে ফকিরাপুলের জিনেট টাওয়ারের ভূগর্ভস্থ তলা থেকে গোলাম সারোয়ারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সকাল পৌনে সাতটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সারোয়ারের মৃত্যু নিয়ে তাঁর ভাই মাহফুজুর রহমান বলেন, সারোয়ারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ভবনটিতে ১৭ বছর ধরে কাজ করে আসছিলেন। সেখানে ভবনটির তত্ত্বাবধায়কের সঙ্গে সারোয়ারের মনোমালিন্য চলছিল। এর জেরেই তাঁকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুদীপ্ত শাহীন বলেন, সারোয়ারের গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।