বাড্ডায় বাবা–মেয়েকে হত্যায় মাসহ দুজনকে মৃত্যুদণ্ড

আদালত
প্রতীকী ছবি

প্রায় ছয় বছর আগে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে রাজধানীর বাড্ডায় গাড়িচালক জামিল শেখ এবং তাঁর তৃতীয় শ্রেণিপড়ুয়া মেয়ে নুসরাত আক্তারকে খুনের দায়ে দুজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ বিলকিছ আক্তার আজ সোমবার এই রায় দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ মাকসুদ।

মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন নিহত জামিলের স্ত্রী আরজিনা বেগম ও শাহীন মল্লিক। রায়ের পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া কোয়জ আলী জামিনে গিয়ে পলাতক।

আইনজীবী ও মামলার কাগজপত্রের তথ্য বলছে, ২০১৭ সালের ৩ নভেম্বর বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে বাড্ডায় গাড়িচালক জামিল শেখকে হত্যা করা হয়। তা দেখে ফেলায় ৯ বছরের মেয়েটিকেও শ্বাসরোধে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর প্রধান আসামি শাহীন মল্লিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এপিপি মোহাম্মদ মাকসুদ প্রথম আলোকে বলেন, গাড়িচালক জামিল ও তাঁর মেয়েকে হত্যায় দায় স্বীকার করে জবানবন্দি দেন প্রধান আসামি শাহীন মল্লিক। শাহীন আদালতকে জানিয়েছিলেন, জামিলের স্ত্রী আর্জিনার সঙ্গে সাত থেকে আট মাস ধরে তাঁর প্রেমের সম্পর্ক। জামিল এর আগে যে বাসায় থাকতেন, সেই বাসারই তিনতলায় থাকতেন রংমিস্ত্রি শাহীন। জামিল বাড্ডায় নতুন বাসায় ওঠার পর পরিকল্পিতভাবেই তাঁদের বাসায় একটি কক্ষ ভাড়া (সাবলেট) নিয়ে ওঠেন শাহীন। পরে শাহীন এবং জামিলের স্ত্রী আর্জিনার মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে শাহীন ঘরে ঢোকেন। এরপর তিনি একটি কাঠের টুকরা দিয়ে ঘুমন্ত জামিলের মাথায় আঘাত করে তাঁকে হত্যা করেন। এ সময় পাশেই ঘুমিয়ে থাকা তাঁর মেয়ে নুসরাত জেগে ওঠে। তখন তাকে শ্বাসরোধে হত্যা করেন শাহীন।