রাজধানীর পশুর হাট

গরুর হাটে নারী ক্রেতা-বিক্রেতা

ক্রেতা–বিক্রেতা থেকে শুরু করে নারীরা কোরবানির হাটে দোকানও বসিয়েছেন।

‘মাগুরার বাদশাহ’কে কথা শুনতে বলছেন মাহমুদা আক্তার। বাদশাহ তাঁর সব কথা বোঝে বলে জানালেন তিনি
ছবি: প্রথম আলো

গরুর হাটে যখন-তখন দিতে হতে পারে ভোঁ-দৌড়। এদিক থেকে একটি গরু ছুটছে তো ওদিকে আরেকটা লাফাচ্ছে। পাশ ফিরলে হয়তো দেখা যাবে, আরেকটা শিং পাকাচ্ছে। আর এ অবস্থায় বৃষ্টি হলে তো কথাই নেই। এমন ঝুঁকিপূর্ণ জায়গায় নারীদের উপস্থিতি সচরাচর দেখা যায় না। তবে এই ভয়কে যে জয় করা যায়, সেই প্রমাণ দিচ্ছেন নারীরা। ক্রেতা–বিক্রেতা থেকে শুরু করে নারীরা কোরবানির হাটে দোকানও বসিয়েছেন।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির বউবাজারের মূল পথ দিয়ে প্রবেশের সময় হাতের বাঁ দিকে দেখা গেল শেফালি বেগমকে। চেঁচিয়ে ধমকাচ্ছে সাহায্যকারী ছেলেটাকে।

একেবারে হাটের মাঝখানে ভিড়ের ভেতর তাঁর চা-বিস্কুটের দোকান। ক্যাশবাক্সের টাকা গুনতে গুনতে শিউলি জানান, তিনি ঈদের দিন ভোরে বাড়ি ফিরবেন। দিন–রাত চব্বিশ ঘণ্টা দোকানে আছেন।

শিউলি জানান, হাটকে কেন্দ্র করে তাঁর দোকানের বিক্রিবাট্টা বেশ ভালো। তাঁর একটা ভাতের হোটেল আছে রাজধানীর উত্তরায়। সেখানে রিকশা-ভ্যান চালকেরা ভাত খান। কোরবানির হাট উপলক্ষে ভাতের হোটেল আপাতত বন্ধ করে দিয়াবাড়ি এসে চা-বিস্কুটের দোকান দিয়েছেন তিনি। শিউলি বেগম খুব বেশি মনোযোগ দিতে পারলেন না কথায়। ততক্ষণে দোকান সরগরম করে তুলেছেন ক্রেতারা।

শিউলি বেগমের দোকান থেকে বের হয়ে সামনে এগোতেই দেখা সত্তরোর্ধ্ব নিলুফার আক্তারের সঙ্গে। একটা দোকানের বেঞ্চে বসে একটু বিশ্রাম নিচ্ছেন। দুপুর থেকে ঘুরে ঘুরে গরু দেখছেন। তিনি আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে একটা গরু কিনতে চান। মনমতো গরু পাননি বিকেল পর্যন্ত।

তবে নিলুফার আক্তার জানান, এবারই প্রথম নয়, তিনি আগেও অনেকবার এসেছেন। এখন বয়স হয়েছে বলে একটু ভয় করে। এবার তাঁর জামাতা সাইদুর রহমান সঙ্গে করে নিয়ে এসেছেন শাশুড়িকে।

পাশেই দাঁড়িয়ে ছিলেন সাইদুর রহমান। তিনি বলেন, পরিবারের সবাই মিলে হাটে এসে কোরবানির পশু কেনার মধ্যে একটা আনন্দ আছে। তাই শাশুড়িকে সঙ্গে করে এনেছেন। হাটে একটু সচেতন হয়ে হাঁটলে বিপদ হওয়ার কথা নয়।

আরেকটু ভেতরে এগোলে দেখা যায় একটি ভ্রাম্যমাণ ভাতের হোটেল। সেখানে তখন শেষ বিকেলে পরিত্যক্ত খাবারের অবশিষ্টাংশ ফেলে দেওয়ার নির্দেশ দিচ্ছেন এক তরুণী। জানা গেল, দুপুরে এক শ মানুষ খেয়েছেন। অধিকাংশই গরু ব্যবসায়ী।

ভাতের হোটেলটির নাম ‘জঙ্গল রেস্টুরেন্ট’। কালো সালোয়ার–কামিজ পরা মরিয়ম ইসলাম নামের ওই তরুণী বেশ দাপটের সঙ্গে সামলাচ্ছেন ব্যবসা। তিনি জানান, ঈদের এই হাটকে ঘিরে তিনি এক সপ্তাহের জন্য ২০ হাজার টাকায় ভাড়া নিয়েছেন এই দোকান।

মরিয়ম কথা বলতে বলতে হাত দিয়ে মাছি তাড়ালেন তরকারির ওপর থেকে। টকটকে লাল রঙের গরুর ঝাল মাংসের অবশিষ্ট তখন জমে গেছে অ্যালুমিনিয়ামের থালার ওপর। মরিয়ম বলেন, এখানে দোকান সামলাতে কোনো অসুবিধা নেই। এখন বিক্রি ভালো হচ্ছে। অনেক রাত পর্যন্ত তিনি এখানেই থাকেন।

মরিয়মের আশা, রাতে তার ভাতের হোটেলে অনেক মানুষ আসবে ভাত খেতে। তাই নতুন কয়েকটি তরকারি করতে নির্দেশ দিলেন দোকানের কর্মচারীকে।

তবে সবার গল্প ছাপিয়ে গেল হাটের ভেতর প্রবেশ করে ‘মাগুরার বাদশা’র মালিকের দেখা পেয়ে। মাহমুদা আক্তার নিয়ে এসেছেন বড় আকারের গরুটি। এই গরুর দাম মঙ্গলবার ১০ লাখ টাকা হাঁকিয়েছেন মাহমুদা। এই হাটে তিনি একমাত্র নারী গরু ব্যবসায়ী। তাঁকে সাহায্য করছেন জামাতা মেহেদি হাসান।

মাহমুদা জানান, তিনি ১৫ লাখ টাকায় গরু বিক্রি হবে ভেবেছিলেন। কিন্তু আর এক দিন মাত্র বাকি আছে। এখনো ক্রেতা পাননি বলে দাম ১০ লাখে নামিয়েছেন। আর ক্রেতাদের পক্ষ থেকে ‘মাগুরার বাদশা’র দাম উঠেছে ছয় লাখ পর্যন্ত।

এত দামের গরু বাড়িতে কেমন করে দেখভাল করতেন জানতে চাইলে মাহমুদা বললেন, বাদশার ঘরে সিসি ক্যামেরা লাগানো ছিল। বাদশাকে তিনিই হাটে এসেছেন। থাকেন পাশের একটি হোটেলে। জানালেন, নারী গরু ব্যবসায়ী বলে কোনো সংকোচ নেই তাঁর।