
যুক্তি আর পাল্টা যুক্তিতে জমে উঠেছিল ফাইনাল বিতর্ক। দর্শকদের হাততালি আর বিতার্কিকদের যুক্তি প্রয়োগ ও খণ্ডনের মধ্য দিয়ে চলছিল ফাইনাল বিতর্ক। শেষে ৯ বিচারকের মধ্যে ৫ বিচারকের ভোটে সেরা হয়েছে রাজধানী শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের শিক্ষার্থীরা। আর পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে রাজধানীর মিরপুর-ক্যান্টনমেন্ট এলাকার আঞ্চলিক পর্বে ফাইনালে রানার্সআপ হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থীরা।
পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০২৩-এর ঢাকার আঞ্চলিক পর্ব শুরু হয়েছে আজ শনিবার। রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ ঢাকার এ আঞ্চলিক পর্বে মিরপুর-ক্যান্টনমেন্ট এলাকার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। চূড়ান্ত বিতর্কের বিষয় ছিল, ‘প্রাথমিক পর্যায়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াশিক্ষা বাধ্যতামূলক করা উচিত’। ঢাকার এ আঞ্চলিক পর্বে ফাইনালে সেরা বক্তা হয়েছে বিজয়ী দলের দলনেতা সারা তাসনীম।
ফাইনাল শেষে পুরস্কার তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক এবং মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জাকির হোসেন। পুরস্কার বিতরণীতে আনিসুল হক সুন্দর বিতর্কের জন্য বিতার্কিকদের ধন্যবাদ দেন। আর প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের সঙ্গে থাকায় টিকে গ্রুপকে ধন্যবাদ জানান। শুভেচ্ছা বক্তব্য দেন টিকে গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মো. ইব্রাহিম খলিল। তিনি বলেন, ভবিষ্যতেও প্রথম আলোর এ আয়োজনের সঙ্গে পুষ্টি যুক্ত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০২৩-এর সমন্বয়ক সাইদুজ্জামান রওশন।
এ ছাড়া বারোয়ারি বিতর্কে বিজয়ী হয় ইফতেশাম ইসলাম। সে রাজধানীর বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী। কুইজ প্রতিযোগিতার নিম্নমাধ্যমিক গ্রুপে প্রথম হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী অভ্র নীল রায়, দ্বিতীয় হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী ত্রিদিপ সরকার ও তৃতীয় হয়েছে নাহার একাডেমি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী দীপ তুলি সিনহা।
কুইজে মাধ্যমিক গ্রুপে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামিম আল ইসলাম প্রথম, দ্বিতীয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী প্রলয় চারুশী এবং এস ও এস হারমেইন মেইনার কলেজের শিক্ষার্থী জাওয়াদ আল কবির তৃতীয় হয়েছে।
চূড়ান্ত পর্বের বিতর্কে সভাপতিত্ব করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত। বিচারক ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়, সাধারণ সম্পাদক জাফর সাদিক, ব্যাংকার ও জাহাঙ্গীরনগরের বিতর্ক সংগঠন জুডোর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আহমেদ চৌধুরী, প্রথম আলো সহকারী বার্তা সম্পাদক সাবেক বিতার্কিক রাশেদুল আলম রাসেল, সাবেক বিতার্কিক ফাল্গুনী মজুমদার, আবু বক্কর সিদ্দিক প্রিন্স, আহমেদ সাগর ও নোমান রহমান।
এর আগে সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ অডিটরিয়ামে বিতর্ক উৎসবের উদ্বোধন হয়। এরপর মাদকের কুফল নিয়ে আলোচনা করেন মনোচিকিৎসক ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকার সহকারী অধ্যাপক আহমেদ হেলাল। তিনি শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার শপথ করান। এরপরই সনাতনী বিতর্কের কর্মশালার আয়োজন করা হয়। এরপরই বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। দিনভর এ আয়োজনের বিতর্ক প্রতিযোগিতার সঙ্গে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। বন্ধুসভার সদস্যরা নাচ ও গান পরিবেশন করেন। পুরো আয়োজনে সহযোগিতা করেছেন বন্ধুসভার সদস্যরা।