জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

সংসদ ভবনসংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ওই এলাকায় অস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ বুধবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দিবাগত রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় পড়া এলাকা

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং এলাকা। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকা এর অন্তর্ভুক্ত আছে।

পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

এ ছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও এর ভেতরের সব সড়ক ও গলিপথও নিষেধাজ্ঞার মধ্যে থাকবে।