
প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও জালিয়াতির অভিযোগে করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
গত ১৮ জুন থেকে আহমেদ জোবায়ের কারাগারে। আজকে নিয়ে চতুর্থবারের মতো তাঁর জামিন আবেদন নামঞ্জুর হলো বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ফরহাদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা জামিনের আবেদন করেছিলাম। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন।’
এ মামলায় তিনি ছাড়া অন্য আসামিদের মধ্যে দুজন পলাতক এবং তিনজন জামিনে আছেন।
আদালত সূত্র জানায়, প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও কাগজপত্র জালিয়াতির অভিযোগে গত ১০ মে সময় টিভির মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান ঢাকার আদালতে মামলাটি করেন। ওই দিন আদালত আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে সমন জারি করে ১৭ জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন। নির্ধারিত দিনে তাঁরা হাজির না হওয়ায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ১৮ জুন আহমেদ জোবায়েরসহ চার আসামি এই মামলায় আত্মসমর্পণ করে জামিন চান। আদালত আহমেদ জোবায়েরের আবদেন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে অন্য তিনজনের জামিন মঞ্জুর করা হয়।