বাংলামোটরে টাইলসের দোকানে অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

রাজধানীর বাংলামোটর এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম প্রথম আলোকে বলেন, সন্ধ্যা ছয়টার দিকে বাংলামোটরে সময় টেলিভিশনের কাছের একটি ভবনের দোতলায় টাইলসের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে দোকানের কর্মীরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের দুটিসহ তিনটি ইউনিট সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।