আড়াই কেজি হেরোইন উদ্ধার, একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর সিদ্ধেশ্বরীতে আড়াই কেজির বেশি হেরোইন ও ৭ হাজার ইয়াবা বড়ি উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও আরেকজনের ১০ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আজ সোমবার এই রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সাইফুল আজম। ১০ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে শাহরিয়ার ইমনকে। রায় ও দণ্ডাদেশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী বিল্লাল হোসেন।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার এক বাসায় ২০০৭ সালের ৩১ মে অভিযান চালিয়ে আসামি সাইফুল আজমের কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অপর আসামি শাহরিয়ার ইমনের কাছ থেকে ৭ হাজার ৪২৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম শামসুল কবির বাদী হয়ে রমনা থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০০৭ সালের ২৬ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আর ২০০৯ সালের ৩১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ প্রমাণের জন্য ১০ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি ফারুক উজ জামান।